শতাধিক ট্রাক দিয়ে নগর ভবন ঘেরাও, শ্রমিকদের বিক্ষোভ

অতিরিক্ত সিটি টোল আদায় বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল বিভাগীয় ট্রাকশ্রমিকেরা। পরে মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা। দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নগর ভবনের চারদিকে শতাধিক ট্রাক রেখে ঘেরাও করে বিক্ষোভ দেখান ট্রাকশ্রমিকেরা।
ট্রাকশ্রমিকেরা বলেন, বরিশাল সিটি করপোরেশন ২০০৯ সাল থেকে সিটি টোল আদায় করে। তখন ছোট ট্রাকের জন্য ৩০ টাকা এবং বড় ট্রাকের জন্য ৫০ টাকা টোল ধার্য করা হয়। ২৪ ঘণ্টায় একবার টোল দিয়ে পণ্য পরিবহন করা হতো। নগরের তিনটি স্থানে টোল আদায় করা হয়। সিটি করপোরেশনের নিযুক্ত ইজারাদারের লোকজন এই টোল আদায় করেন। কিন্তু ছয় মাস ধরে টোল আদায়ের নামে শ্রমিক হয়রানি শুরু করেছেন ইজারাদারেরা। পণ্যবোঝাই এবং খালি ট্রাকপ্রতি ৫০ টাকা হারে টোল আদায় করছেন তাঁরা। যতবার ট্রাক ওই এলাকা দিয়ে যাবে, ততবারই টোল দিতে হচ্ছে। টোল দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর করা হচ্ছে। অবৈধভাবে টোল আদায়ের বিরুদ্ধে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। টোল আগের মতো নেওয়ার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ প্রত্যাহার করা হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।
বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মাসুদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা আগের মতো ২৪ ঘণ্টায় একবার টোল দিতে চাই। একই সঙ্গে ছোট ট্রাকপ্রতি ৩০ এবং বড় ট্রাকপ্রতি ৫০ টাকা হারে নেওয়ার দাবি করি। কিন্তু টোলের দায়িত্বে যারা থাকে, তারা বাড়তি টোল আদায় করছে। তারা টোল আদায়ের নামে জুলুম চালাচ্ছে। শ্রমিকদের মারধর করছে। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।’
বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বলেন, ‘যেখানে সিটি করপোরেশন টোল নির্ধারণ করে দিয়েছে, সেখানে অতিরিক্ত টোল দেওয়ার প্রশ্নই আসে না। দিনে একবারের বেশি টোল আদায় করার প্রতিবাদ করছি। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।’
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ দাস প্রথম আলোকে বলেন, ‘সিটি টোল বৃদ্ধি করা হয়নি। এ ছাড়া নগরের মধ্যে ২৪ ঘণ্টায় একবার টোল দেবে—এমনই নিয়ম। কিন্তু এর বাইরে অতিরিক্ত টোল আদায় বা জুলুম করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন আশ্বাসের পর শ্রমিকেরা তাঁদের বিক্ষোভ প্রত্যাহার করেছেন।’