শতাধিক পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির নবীনগর এলাকায় সুরমা নদীতে গতকাল বুধবার শতাধিক জেএসসি পরীক্ষার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেলে ১০ শিক্ষার্থী আহত হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসার পর তারা পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। নৌকাটি নদী তীরবর্তী স্থানে ডোবায় বাকি শিক্ষার্থীরাও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
এ ঘটনায় নৌকার মালিক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল সকাল নয়টার দিকে সুরমা নদীর হালুয়ারঘাট থেকে একটি নৌকায় ওঠে ওই তিন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। নৌকায় উঠে যাত্রী বেশি দেখে কিছু যাত্রী নামিয়ে দিতে মাঝিকে অনুরোধ করে শিক্ষার্থীরা। কিন্তু মাঝি তাদের কথা না শুনে নৌকা ছেড়ে দেন।
নৌকায় থাকা একাধিক শিক্ষার্থী বলে, মাঝনদীতে আসার পর কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাজু ভুলে প্রবেশপত্র আনেনি বলে জানায়। সে তাকে নামিয়ে দিতে চাপাচাপি করলে মাঝি নৌকাটি নদীর পূর্ব পাড়ে ভেড়ান। রাজুকে নামিয়ে আবার রওনা হতেই নৌকাটি কাত হয়ে ডুবে যায়। এ সময় শিক্ষার্থীরা ঝাঁপ দিয়ে পড়ে সাঁতরে তীরে ওঠে। নৌকা থেকে ঝাঁপ দিতে গিয়ে ১০ শিক্ষার্থী আহত হয়।
নৌকায় থাকা কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, ‘রাজুর জন্য নৌকাটি তীরে না ভেড়ালে হয়তো সেটি মাঝ নদীতে ডুবত।’
নৌকায় থাকা শিক্ষার্থী তানিয়া আক্তার বলে, ‘আমার মতো আরও অনেকে সাঁতার জানত না। মাঝগাঙে নৌকা ডুবলে সবাই মরতাম।’
সরেজমিনে দেখা গেছে, তীর থেকে ৩০-৪০ ফুট দূরে ডুবে আছে নৌকাটি।
দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যান জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে আহত তিন ছাত্রীর মানসিক অবস্থা বিবেচনা করে কেন্দ্রে চিকিৎসকের উপস্থিতিতে তাদের পরীক্ষা নেওয়া হয়। নৌকাডুবির খবর শুনে অভিভাবকেরা ছুটে এসে শহরের দুটি পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করেন। এ সময় অনেককেই কাঁদতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অভিভাবকদের শান্ত থাকতে অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবিতে আহত শিক্ষার্থীদের পরীক্ষার আগেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরীক্ষার পর আবার তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে পৌঁছাতে সহায়তা করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত যাত্রী তোলায় নৌকার মালিক শিপু মিয়া ও চালক লিটন মিয়াকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।