শতাধিক বাস-ট্রাক থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ
মাগুরায় শব্দদূষণ কমাতে শতাধিক বাস-ট্রাকের হাইড্রোলিক হর্ন অপসারণ করেছে ট্রাফিক বিভাগ। হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে প্রায় ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে সব যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত বুধবারের এই আদেশে হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করতে এবং বাজারে এখনো যেসব হাইড্রোলিক হর্ন আছে, তা জব্দ করার নির্দেশ দেওয়া হয়। ২৭ আগস্টের পর ঢাকার সড়কে হাইড্রোলিক হর্ন বাজালে সেই গাড়ি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে মাগুরায় মহাসড়কের কয়েকটি জায়গায় গতকাল এই অভিযান চালানো হয়। ট্রাফিক পুলিশ সূত্র জানায়, মাগুরায় প্রায় ৬০ কিলোমিটার মহাসড়ক পড়েছে। মহাসড়কের পাশে রয়েছে হাসপাতাল, শিশু বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কলেজ ও হাটবাজার। হর্নের কারণে সব বয়সী মানুষ ভোগান্তি পোহায়।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাঁরা হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু করেছেন।