
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ও চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই শতাধিক বাড়ি ও কয়েক হাজার গাছ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শঙ্কার মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ঈদগাহ ও ইউনিয়ন পরিষদ ভবন।
গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ভাঙনকবলিত গ্রাম হড়মায় গিয়ে দেখা যায়, ৬০ বছর বয়সী বিধবা নূর শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন পদ্মার দিকে। তাঁর এক ছেলে ভেঙে যাওয়া বাড়ির মাটির ভেতরের ইট তুলছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে।
ভাঙনের শিকার গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের পর ১০ দিনের তীব্র ভাঙনে গ্রামের ৬০টি বাড়ি বিলীন হয়ে গেছে। গ্রামের কবরস্থান ও অন্য মানুষের জমিতে আশ্রয় নিয়েছে গৃহহীন মানুষেরা। তাদের অভিযোগ, পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলী এলাকা রক্ষা প্রকল্প এলাকায় এই হড়মা গ্রাম। ঠিকাদারেরা তীর সংরক্ষণের কাজ শুরু না করায় তাদের ভাঙনের শিকার হতে হয়েছে। গত বছরও গ্রামের শতাধিক বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। এ প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে।
মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন প্রথম আলোকে বলেন, বাবার ছিল ১০০ বিঘা জমি। ইটের দেয়ালের ওপরে টিনের বড় বাড়ি ছিল। তিন বছর আগে বাড়িসহ সবই বিলীন হয়েছে। এখন তাঁরা সাত ভাইয়ের সবাই ভূমিহীন। তিনি বর্তমানে বাগানপাড়া পশ্চিম হড়মা গ্রামে অন্যের জমিতে বসবাস করেন। হড়মা গ্রামে ঠাঁই নিয়েছিলেন তাঁর ছোট ভাই শাহজাহান। এবার তাঁর বাড়িও ভেঙেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম বলেন, এই এলাকায় পদ্মা নদীতে আড়াই কিলোমিটার এলাকায় চলছে ভাঙন। পদ্মা প্রায় ১৫০ মিটার ভেতরে ঢুকে গেছে। প্রকল্প এলাকার বাইরে ৭৮০ মিটার এলাকাও ভেঙেছে। তিনি আরও জানান, ২০১৩-১৪ অর্থবছরে ২৭৪ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ২২০ কিলোমিটার প্রকল্প গ্রহণ করা হয়। ধাপে ধাপে এর কাজ চলছে। হড়মা এলাকাটি প্রকল্পের ২১ ও ২২ নম্বর প্যাকেজের আওতায়। এর কার্যাদেশ দেওয়া হয়েছে গত ডিসেম্বরে। দুই বছরের মধ্যে কাজ শেষ করার চুক্তি রয়েছে। এ জন্য ঠিকাদারদের চাপ দেওয়া যাচ্ছে না। তবে অন্যান্য প্যাকেজের আওতার এলাকাগুলোয় ঠিকাদারেরা নদীর তীরের মাটি কেটে ঢাল করে জিও ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছেন এবং বালুভর্তি জিও ব্যাগ ফেলায় ভাঙন থেকে রক্ষা পেয়েছে। এ প্রকল্পের উজানে ৯০০ মিটার কেবল সিসি ব্লক বিছানো সম্ভব হয়েছে।
চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকার রোড পাড়ার ৬০টিরও বেশি বাড়ি সরিয়ে নিতে হয়েছে। ওই এলাকার মাদ্রাসাশিক্ষক সৈবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন এবং ইউপি সদস্য জামাল উদ্দীন বলেন, ছয় কিলোমিটার এলাকায় পদ্মার বাঁ তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ হয় দুই বছর আগে। কিন্তু প্রকল্প এলাকার মধ্যে বাখের আলী ও শেষ মাথা গোয়ালডুবিতে প্রকল্পের কাজে ভাঙন দেখা দেয় গত বছর। সেগুলো এখনো মেরামত করা হয়নি। প্রকল্প এলাকার শেষ মাথা থেকে আরও প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে বিজিবির বাখের আলী ও চরবাগডাঙ্গা সীমান্ত ফাঁড়ি, চরবাগডাঙ্গা হাট এবং বাখের আলী, গোয়ালডুবী, মালবাডাঙ্গা, বোঠাপাড়া, গিধনীপাড়া ও চরবাগডাঙ্গা গ্রামের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয়, চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসা, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন ও চরবাগডাঙ্গা ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে।
এ প্রসঙ্গে সৈয়দ সহিদুল আলম বলেন, এ এলাকার বাঁ তীর সংরক্ষণ প্রকল্প এলাকার কয়েকটি পয়েন্টে ৪০০ মিটারে ভাঙন দেখা দিয়েছে। প্রকল্প এলাকার শেষ মাথা থেকে ভারতীয় সীমন্ত পর্যন্ত প্রায়ই আড়াই কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। ঝুঁকির মধ্যে রয়েছে এসব এলাকার বিভিন্ন স্থাপনা।