
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নগরের নিউমার্কেট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এ সময় ফুটপাত ও রাস্তায় থাকা শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
সিটি করপোরেশন সম্প্রতি নগরের বিভিন্ন এলাকায় হকারদের বসানোর জন্য স্থান ও সময় নির্দিষ্ট করে দিয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে নিউমার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয় বলে জানান সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পর্যায়ক্রমে অন্য এলাকায়ও এই অভিযান পরিচালনা করা হবে।
বেলা ১১টায় নগরের জুবিলী সড়কের দুই পাশে অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে ভাসমান দোকানিদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ জন্য তাঁদের সময় দেওয়া হয় এক ঘণ্টা। অধিকাংশ দোকানি তাঁদের মালামাল সরিয়ে নেন। এরপর দুপুর ১২টা থেকে দোকানিদের থেকে যাওয়া মালামাল রাখার চৌকি ও টেবিলগুলো অপসারণ করা হয়।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু জাফর প্রথম আলোকে জানান, নগরের তিন পোলের মাথা থেকে আদালত ভবনের মূল প্রবেশ ফটক পর্যন্ত অভিযান চালানো হয়। এতে অন্তত এক শটি ভাসমান দোকানের স্থাপনা অপসারণ করা হয়। এর মধ্যে পোশাক, ফল ও জুতার দোকান রয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর নগরের জুবিলী ও শহীদ সোহরাওয়ার্দী সড়কের দুই পাশ ফাঁকা হয়ে পড়ে। এই এলাকায় সড়ক ও ফুটপাতে হকারদের বিভিন্ন রকমের দোকান ছিল।
এ ছাড়া বেলা ১টায় নিউমার্কেটের সামনে থেকে কোতোয়ালি মোড় হয়ে আদালত ভবনের প্রবেশ ফটক পর্যন্তও নালার উপর গড়ে তোলা স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান ও ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।