নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রলারের শতাধিক যাত্রী। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল সকালে হাতিয়ার নলচিরাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে এমভি রেবেকা নামের একটি ট্রলার বয়ারচরের চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি দুপুর সাড়ে ১২টার দিকে চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনার চতলার খালে প্রবেশের সময় হঠাৎ কাত হয়ে উল্টে যায়।
এতে ট্রলারের যাত্রীরা নদীতে ছিটকে পড়েন। এ সময় যাত্রীদের চিৎকারে চেয়ারম্যান ঘাটে অবস্থানকারী জেলে এবং অন্যান্য স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে দ্রুত সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এতে যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
উদ্ধারকাজে নিয়োজিত স্থানীয় বাসিন্দা আরশাদ বেপারী প্রথম আলোকে বলেন, খালের মুখের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি কাত হয়ে ডুবে যেতে দেখে তিনিসহ ঘাটের অনেকেই তাৎক্ষণিক যাত্রী নৌকা ও ট্রলার নিয়ে সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হলেও কেউ নিখোঁজ কিংবা নিহত হননি।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এমবি রেবেকা নামের ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়েছে। কারণ, ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল। তবে ট্রলারের মালিক আবদুল হালিম অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন।
আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ট্রলারটির ১৫০-২০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, সেখানে গতকাল যাত্রী ছিল ১২২-১২৩ জন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ট্রলারটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল। নদী থেকে চেয়ারম্যান ঘাটের চতলার খালে ঢোকার সময় ধাক্কা লেগে কাত হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। কেউ নিখোঁজ কিংবা নিহত হননি।