রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি বিকল হয়ে পড়েছে। এ ছাড়া নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে আজ সোমবার সন্ধ্যার পরও দৌলতদিয়া ঘাট-খুলনা মহাসড়কে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে থাকতে দেখা যায়। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, এই নৌপথে ১৮টি ফেরি চলাচল করে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ সোমবার সকালে ‘হাসনা হেনা’ নামের একটি ফেরি বিকল হয়ে পড়ে। ফেরিটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে ‘কাবেরী’ নামের আরেকটি ফেরি বিকল হয়। সেটিকেও ওই কারখানায় রাখা হয়। এ ছাড়া দুই মাস ধরে ‘মাধবীলতা’ নামের আরেকটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। এই ফেরিটির কিছু গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ জোগাড় করতে না পারায় মেরামত করতে দেরি হচ্ছে। আর বাকি দুটি ফেরি কয়েক দিনের মধ্যে মেরামত করা হবে।
এদিকে ফেরি স্বল্পতার পাশাপাশি নদীতে স্রোত বেশি থাকায় আগের তুলনায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আগে ২৪ ঘণ্টায় একেকটি ফেরি ২৩ থেকে ২৪ বার চলাচল করতে পারত। এখন ফেরিগুলো ২০ বার চলাচল করছে। এর ফলে যানবাহন সময়মতো পার করতে না পারায় উভয় ঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
আজ সন্ধ্যা সাতটার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বুকিং কাউন্টার পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা যাত্রীবাহী বাস ও তিন কিলোমিটার লম্বা পণ্যবাহী যানবাহন আটকে আছে।
বরিশালের গৌরনদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের তত্ত্বাবধায়ক মো. শাহিন জানান, বিকেল সাড়ে চারটার দিকে ঘাটে লম্বা লাইনে এসে গাড়ি সিরিয়াল দেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাঁদের গাড়িটি ফেরিতে উঠতে পারেনি। ওই বাসের যাত্রী ব্যবসায়ী মো. সবুজ বলেন, ‘আমাদের সামনে বাস না পাঠিয়ে আগে ট্রাক পাঠাচ্ছে। একসঙ্গে ছয়-সাতটি করে ট্রাক ছাড়ার পর সর্বোচ্চ দু-একটি করে বাস ছাড়ছে।’
খুলনা থেকে আসা ঈগল পরিবহনের বাসযাত্রী এনামুল হক বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে ঘাটে আটকে আছি। স্থানীয় প্রভাবশালী দালালদের সহযোগিতায় ট্রাফিক পুলিশের কিছু সদস্য ও বিআইডব্লিউটিসির অসাধু কর্মচারীর যোগসাজশে যাত্রীবাহী বাসের পরিবর্তে আগে পণ্যবাহী গাড়ি পার করছেন।
ফেরিঘাটের জিরো পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য আতিয়ার রহমান বলেন, ‘এখানে সবার দাবি মানতে গিয়ে আমাদের কাজ করাই মুশকিল হয়ে পড়ে। একদিকে ট্রাকচালকদের ক্ষোভ, অপর দিকে যাত্রীবাহী বাসচালক ও যাত্রীদের ক্ষোভ। তারপরও সবার কষ্টের কথা ভেবে নিয়ম অনুযায়ী পার করা হচ্ছে।’