শত্রুতা মানুষের, প্রাণ গেল গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের সদর উপজেলায় গত বুধবার রাতে দুই ব্যক্তির সাড়ে তিন বিঘা জমির গমগাছ কেটে ফেলা হয়েছে। একই রাতে রংপুরের বদরগঞ্জে আরেকজনের বাগানের ৮০টি আমগাছ কেটে ফেলা হয়েছে। জমি নিয়ে বিরোধ ও ব্যক্তিগত শত্রুার জেরে প্রতিপক্ষের লোকজন গাছগুলো কেটে ফেলেছে। একদল দুর্বৃত্ত গত বুধবার দিবাগত রাতে মেহেরপুরের সদর উপজেলার রাজাপুর গুচ্ছগ্রামের আকবর আলীর ছেলে নওশাদ আলীর দেড় বিঘা জমির গমগাছ কেটে ফেলে। একই রাতে সদর উপজেলার পিরোজপুর গ্রামের চায়েন শাহের স্ত্রী মেহেরুন নেছার দুই বিঘা জমির গমগাছ কেটে ফেলে।পিরোজপুর গ্রামের মেহেরুন নেছা জানান, এবার পাঁচ বিঘা জমিতে তিনি গম চাষ করেন। কিন্তু শত্রুরা তাঁর দুই বিঘা জমির গমের গাছ কেটে ফেলেছে। গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আসামি করে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসেন আলী খোন্দকারের আদালতে মামলা করেছেন।রংপুরের বদরগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের আনিছুর রহমানের বাগানের ৮০টি আমগাছ কেটে ফেলা হয়েছে। একদল দুর্বৃত্ত বুধবার রাতের অন্ধকারে গাছগুলো কাটে। সরেজমিনে দেখা যায়, বাগানের আমগাছগুলো নির্দয়ভাবে করাত দিয়ে দুর্বৃত্তরা কেটে ফেলেছে। বাগানের মালিক আনিছুর রহমান বলেন, শত্রুতাবশত আমগাছগুলো কাটা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বলেন, এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত করে গাছ কাটর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।