শত্রুতা মানুষের প্রাণ গেল ধানগাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের বর্গাচাষি মিকাইল হোসেনের (৩২) তিন বিঘা জমির বোরো ধানের গাছ ওষুধ ছিটিয়ে নষ্ট করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ২৯ মার্চ রাতে স্থানীয় এক ব্যক্তি এ ঘটনা ঘটায়।মিকাইল হোসেন অভিযোগ করেন, তিনি এবার গ্রামের সাইদ আলমের তিন বিঘা জমি বর্গা হিসেবে নিয়ে বোরো ধানের চাষ করেছেন। তাঁর সঙ্গে জমি বেচাকেনার ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের সালাম মোল্যার ছেলে সাইফুল ইসলামের (৩০) দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ কারণে ২৯ মার্চ তিনি প্রেমবাগ গেট এলাকার মারুফ হোসেনের কীটনাশকের দোকান থেকে ওষুধ কিনে রাতের বেলা ধানখেতে ছিটিয়েছেন। প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শওকত আলী বলেন, ‘খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, ঘটনার সঙ্গে সাইফুল জড়িত। ১৫ মণ ধানের বিনিময়ে বিষয়টি ফয়সালা করতে সাইফুলের পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।’বুধবার সরেজমিনে দেখা গেছে, কীটনাশক ছিটানোর কারণে জমির ধানগুলো শুকিয়ে মরে গেছে।অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ও কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।