শত্রুতার আগুনে পুড়ল মাথা গোঁজার ঠাঁই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের ঘর তুলে স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করতেন দিনমজুর ইখলাছুর রহমান মোল্লা। জমি নিয়ে বিরোধের জেরে মামলার কারণে তিনি বাড়িছাড়া। এর ফাঁকে পরিবারটির মাথা গোঁজার সেই ঠাঁইটুকু শত্রুতার আগুনে পুড়ে ছাই।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, ইখলাছুর মোল্লার ঘরের আধপোড়া খুঁটি ও টিন ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাটকাঠির বেড়ার কোনো অস্তিত্ব আর নেই। এ ঘরে রান্নাবান্না হয় না। কোনো বৈদ্যুতিক সংযোগও নেই। তাই দুর্ঘটনাবশত আগুন লাগার সুযোগ নেই। ঘটনার রাতে পরিবারের অন্য কেউ এ ঘরে ছিলও না। মামলার কারণে পরিবারের কর্তা ইখলাছুর পলাতক।

এ ব্যাপারে গ্রামের কয়েকজন বলেন, ইখলাছুর মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী স্থানীয় কৃষি ব্যাংকে কর্মরত তৈয়েবুর রহমানের বিরোধ চলে আসছে। গত শনিবার সন্ধ্যায় মহম্মদপুর শহরের আমিনুর রহমান কলেজ ছাত্রাবাসসংলগ্ন একটি চা-দোকানের সামনে থেকে ইখলাছুর ও তাঁর লোকজন তৈয়েবুরকে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা হলে রোববার বিকেলে পুলিশ ইখলাছুরের ভাই ইকরামুল মোল্লা ও তাঁদের পক্ষের জাফর আলী নামের আরেকজনকে ধরে নিয়ে যায়। ওই রাতেই ইখলাছুর মোল্লার ঘরটি আগুনে পুড়ে যায়।

ইখলাছুর মোল্লার স্ত্রী রাবেয়া খাতুন অভিযোগ করেন, মামলার কারণে বাড়ির লোকজন পলাতক থাকায় ঘরটি তালাবদ্ধ ছিল। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ঘরে আগুন দিয়েছেন। এতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তৈয়েবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা ভিন্ন খাতে নিতে ইখলাছুরই নিজের ঘরে আগুন দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঘরে আগুন লাগার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।