শত্রুতার জের ধরে অ্যাসিড ছিটিয়ে আমনখেত নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতার জের ধরে অ্যাসিড ছিটিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুই ভাইবোনের আমনখেত তাঁদেরই ছোট ভাই নষ্ট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত ২৪ অক্টোবর বেতদীঘি ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গত ৮ নভেম্বর জমির মালিক রহিমা সাঈদ ও শাহ মো. আবদুল কাদের বাদী হয়ে ছোট ভাই শাহ মো. ইলিয়াছুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাদের ও রহিমা সাঈদ পেশাগত কারনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। বর্গাচাষির মাধ্যমে তাঁরা জমি চাষ করান।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইলিয়াছুর রহমান হুমকি-ধমকি দিয়ে তাঁদের পৈতৃক জমি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। বিভিন্ন সময় তিনি বর্গাচাষিদের জীবননাশের ভয়ভীতি দেখান। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর রাতে বড় ভাইবোনের পাঁচ বিঘা জমির আমন খেত অ্যাসিড মিশ্রিত পানিয়ে ছিটিয়ে নষ্ট করে দেন ইলিয়াছুর। এর আগেও ইরি-বোরো মৌসুমে তিনি গোপনে ওই জমিতে রোপণ করা চারা নষ্ট করে দিয়েছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, রাতের আঁধারে ঘটনা ঘটেছে, তাই সাক্ষীর ওপর নির্ভর করে তদন্ত করা হচ্ছে।