বন্ধুদের সঙ্গে শত্রুতার জের ধরে মডেল তাহিয়া তাবাসসুম খুন হয়েছেন বলে পুলিশ ও তাঁর স্বজনেরা মনে করছেন। মোহা-ম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, হত্যায় জড়িত চক্রটি ইতিমধ্যে শনাক্ত হয়েছে। তারা যেকোনো সময় গ্রেপ্তার হবে। তাবাসসুম তাঁর খালা আরিফা জাহান রুমার গোড়ানের বাসায় থাকতেন। গত রোববার ধানমন্ডি যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।গতকাল আরিফা জাহান প্রথম আলোকে বলেন, তাবাসসুম শখ করে মডেলিং করতেন। কিন্তু তাঁরা তা পছন্দ করতেন না। তিনি ছিলেন চাপা স্বভাবের। পরিষ্কার করে কোনো কথা বলতেন না। মডেলিং করতে গিয়ে বেশ কিছু যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি বলেন, প্রায়ই ধানমন্ডিতে যাওয়ার কথা বলে তাবাসসুম বাসা থেকে বের হতেন। কয়েক মাস আগে পুরান ঢাকার শুভ নামে এক যুবক তাবাসসুমের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন। শুভ ওই টাকা আর ফেরত দেননি। তাবাসসুম পাওনা টাকা চাইতে গেলে শুভ তাঁকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়েছিলেন। আরিফা আরও জানান, তাবাসসুমের আরেক বন্ধু মোহাম্মদপুরের জয়ের সঙ্গেও সম্প্রতি তাঁর মনোমালিন্য দেখা দেয়। কিছুদিন ধরে তিনি অনেকের সঙ্গেই যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মডেল রেহানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। নিখোঁজ হওয়ার আগেও তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেহানের সঙ্গে দেখা করতে যান। আরিফা মনে করেন, তাবাসসুম সম্পর্কে রেহান অনেক কিছু জানতে পারেন। গত সোমবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের ১২/৬ নম্বর বাড়ির চারতলার ছাদের দরজার পাশ থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকার পর বৃহস্পতিবার দুপুরে আঞ্জুমান মুফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে তাবাসসুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করে। পরে রাতে মোহাম্মদপুর থানায় রাখা ছবি দেখে স্বজনেরা তাবাসসুমকে শনাক্ত করেন।