শত্রুতার জের ধরে ঘোড়াঘাটে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ ও মুঠোফোনে এক দম্পতিকে উত্ত্যক্ত করার জের ধরে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত আ. সালাম (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত সালামের ছেলের দায়ের করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
উপজেলার কুলানন্দপুর গ্রামের ইয়াকুব আলী ও তাঁর শ্যালক আবদুল গোফফার মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। অপরদিকে ওই গ্রামের সাদ্দাম হোসেন, আনোয়ারুলসহ কয়েকজন যুবক মুঠোফোনে রংপুরের পীরগঞ্জ থানার একটি কলেজের অধ্যক্ষ ও তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। উত্ত্যক্তকারীদের খুঁজতে খুঁজতে ওই অধ্যক্ষ ৮ ডিসেম্বর কুলানন্দপুরে আসেন। গ্রামের মুরব্বিদের নিয়ে তিনি উত্ত্যক্তকারীদের ডেকে আনেন। এ বিষয়ে কথাবার্তার একপর্যায়ে আ. সালাম থাপড় মেরে বসেন আনোয়ারুলকে। এই আনোয়ারুল আবার গোফফারের ছেলে জুয়েলের বন্ধু। গত বুধবার ইয়াকুব আলী ও তাঁর ছেলে সালাম বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে গোফফার ও তাঁর ছেলে জুয়েল, হুমকিদাতা আনোয়ারুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে পালিয়ে যান।