শত্রুতার জেরে বিষ প্রয়োগে মাছ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গাজীপুরের টঙ্গী পৌরসভার ইছালি গ্রামের একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইছালি গ্রামের হাকিম উদ্দিন মোল্লা মৎস্য খামারের মাছ মরে ভেসে উঠতে থাকে।খামারের মালিক মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিবেশী আরও সাতজনকে নিয়ে ২০ বিঘা জলাশয়ে তাঁরা মাছ ছাড়েন। এতে সব মিলিয়ে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। খামার নিয়ে একই গ্রামের মো. কাজিম উদ্দিন এবং মো. জাহির আলীর সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিস হয়েছে। কিন্তু সুরাহা হয়নি। এর জের ধরে গত বুধবার রাতে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়। অভিযোগ অস্বীকার করে কাজিম বলেন, তাঁর জমির ওপর দিয়ে বাঁধ দিয়ে মৎস্য খামার করা হয়েছে। এ নিয়ে খামারের মালিকের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। কিন্তু তিনি মাছ নিধনে জড়িত নন।পুবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।