শত্রুতার জেরে ভাইয়ের বাড়িতে লুট
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের আফজাল মৃধার বাড়িতে গত সোমবার রাতে ডাকাত সেজে নগদ টাকাসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শত্রুতার জের ধরে এ লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আফজাল মৃধা বাদী হয়ে তাঁর সৎভাই হাবিবুর রহমান মৃধাকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
আফজাল মৃধা জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আট থেকে ১০ জন লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে। তারা ৩৫ হাজার টাকা, এক ভরি সোনার গয়না, দুটি মুঠোফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় আফজাল হাবিবুর রহমানকে ঘরের বাইরে দেখতে পান।
হাবিবুর রহমান মৃধা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন৷ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শত্রুতার জের ধরে আফজালকে ভয় দেখানোর জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।