শত্রুদের ওপর মানসিক চাপ সৃষ্টিই ছিল লক্ষ্য

একাত্তরে যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের নিজেদের কলমে উঠে এসেছে মুক্তিযুদ্ধের নানা দুঃসাহসী অভিযানের বর্ণনা। এসব লেখা নিয়ে প্রথমা প্রকাশন থেকে শিগগিরই প্রকাশিত হবে মুক্তির লড়াই: মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধাদের কলমে একাত্তরের গৌরবময় যুদ্ধগাথা শিরোনামে একটি বই। প্রকাশিতব্য এ বই থেকে উল্লেখযোগ্য কিছু যুদ্ধের স্মৃতির চুম্বক অংশ তুলে ধরা হচ্ছে। আজ ছাপা হলো ফুলবাড়ী গেরিলা অপারেশনের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুল হক

ভারতের পানিঘাটা প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ শেষে আমাদের পাঠিয়ে দেওয়া হলো ফুলবাড়ীর একটা গ্রামে। এই গ্রামটিকে আমরা হাইড আউট বা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে টহলরত পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করব। গ্রামটা ছিল পুরোপুরি পরিত্যক্ত। একদিন রাতে আমরা সেখানে পৌঁছালাম, পুরো দুই দিন গ্রামের আশপাশের এলাকাটা ভালো করে পর্যবেক্ষণ করা হলো। দুই দিন পর ঠিক হলো ফুলবাড়ী গ্রামে আমরা অপারেশনে চালাব।
তখন জুন মাস। বর্ষা মৌসুম শুরু হয়েছে। ভোররাতে আমরা অন্য পাড়ায় নতুন ক্যাম্পে পৌঁছালাম, এ জায়গাটা আরও নিস্তব্ধ। কিন্তু জায়গাটির নাম জানতে পারিনি। মাত্র ১৫-১৬ বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তাই সব স্থানের নাম জানা সম্ভব হয়নি। পরে শুনেছিলাম এই পাড়াটিতে ১০-১২টি বাড়ি ছিল। বেশির ভাগ বাড়ির চালা নেই। অধিকাংশ ঘরের দেয়াল পড়ে গেছে। কিছু ঘর অক্ষত আছে।

আমাদের ক্যাম্প থেকে অপারেশনের স্থানটি ৮-১০ কিলোমিটারের মধ্যে। অপারেশনের জায়গাটি রেকি করার জন্য লোক পাঠানো হলো। রেকি দল ফিরে এল বেলা ওঠার পর। আমরা নাশতা সেরে নিয়ে আক্রমণের একটা পরিকল্পনা তৈরি করলাম। এবার শুরু হলো প্রস্তুতি। জায়গাটার একটা সম্ভাব্য নকশা আঁকা হলো, আর সেই মোতাবেক আক্রমণের ছক তৈরি হলো। সিদ্ধান্ত হলো যে আক্রমণ করে শত্রুসেনাকে বিপর্যস্ত করে দ্রুত সরে পড়তে হবে।

রাতে আমরা অপারেশনে যাব। সন্ধ্যার পর পর খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম নিলাম, ফাঁকে ফাঁকে যে যার অস্ত্র আর গোলাবারুদ পরীক্ষার কাজটাও সেরে নিলাম। আমার ছিল একটা ভারতীয় এসএলআর, পুরো দলে দুটো মাত্র এই আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল। গভীর রাতে রওনা হলাম, ভোর হওয়ার কিছু পরে অভিযান করার স্থানটিতে পৌঁছালাম।
পূর্বপরিকল্পনা অনুযায়ী নিজ নিজ অবস্থানে প্রস্তুত হলাম। এখন শুধু শত্রুর অপেক্ষা। আমাদের টার্গেট হচ্ছে একটা টহল দল। কারণ বড়সড় আক্রমণ করার মতো জনবল বা অস্ত্রবল কোনোটাই আমাদের ছিল না। তাই চোরাগোপ্তা হামলায় শত্রুপক্ষকে ঘায়েল করে তাদের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করাই ছিল আমাদের লক্ষ্য। আমরা একটা পুকুরপাড়ের শেষ দিকে পজিশন নিই। একটা কাঁচা রাস্তা পশ্চিম দিক থেকে সোজা পূর্ব দিকে চলে গেছে।

কিছুদূর আসার পর একটা সরু রাস্তা উত্তর দিকে চলে গেছে। উত্তরের রাস্তাটা পেরিয়ে ২০০-৩০০ গজ পরে রাস্তার দক্ষিণ পাশে অর্থাৎ আমার বাঁদিকে একটা পুকুর। আর কাঁচা রাস্তা থেকে পুকুরে যাওয়ার জন্য ছিল একটা ছোট রাস্তা। আর এই রাস্তার নিচেই আমাদের অবস্থান। পুকুরপাড়ের নিচ থেকেই শুরু হয়েছে জঙ্গল। আর আমাদের জন্য নিরাপদে সরে পড়ার আদর্শ ব্যবস্থা।

অপেক্ষার পালা শেষ হলো। দুপুরের কাছাকাছি সময়ে শত্রুদের দেখা মিলল। তারা ১০ জন, সঙ্গে দুজন সাইকেল আরোহী। সাইকেল আরোহী দুজন দলের আগে আগে সাইকেলে চড়ে আসছে। এই দুজনই গ্রামের সাধারণ লোক অথবা রাজাকার। কারণ তাদের কাছে কোনো অস্ত্র আছে বলে মনে হলো না। টার্গেট আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা প্রস্তুত হয়ে আছি, শুধু নির্দেশের অপেক্ষা। হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল। চারপাশে ধোঁয়া আর ধুলোয় অন্ধকার।

প্রথমে একটা তারপর আরও একটা। লক্ষ্য করলাম আমাদের দিকে এগিয়ে আসতে থাকা দলের একজন সাইকেল আরোহী নেই। দ্বিতীয় আরোহীর অবস্থানটা বোঝা যাচ্ছে না। রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে কিছু পড়ে আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। এবার শুরু হলো গোলাগুলি। আমরাও তাদের জবাব দিতে শুরু করলাম। চলল সমানে সমান। এবার আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য আর যোদ্ধা যোদ্ধা ভাব দেখা গেল।

অনেককে দেখলাম গোলাগুলির সময় মাঝেমধ্যে জায়গা বদল করছে, এ অবস্থা চলল প্রায় ঘণ্টা দুয়েক। তারপর কমান্ডারের নির্দেশে আমরা নিজ নিজ অবস্থান ত্যাগ করে ধীরে ধীরে পুকুরপাড়কে আড়াল করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। আমাদের কাভার দেওয়ার জন্য যারা পেছনে ছিল তারাও একসময় আমাদের সঙ্গে যোগ দিল। গোলাগুলি এখন একেবারেই বন্ধ হয়ে গিয়েছে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমরা দ্রুত সেই জায়গাটা ত্যাগ করলাম। একপর্যায়ে একটা গ্রামের ভেতর গিয়ে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম। অভিযানের ফলাফল জানার জন্য দুজনকে পাঠানো হলো। তবে একসঙ্গে নয়, আগে-পিছে করে।

আমরা অ্যাম্বুশ অবস্থান থেকে প্রায় তিন কিলোমিটার সরে এসেছি। ঘণ্টা দেড়েক পর আমাদের সহযোদ্ধা দুজন ফিরে এল। তাদের কাছ থেকে জানা গেল, রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু জিনিস ছাড়া আর কোনো কিছুর আলামত সড়কের ওপর ছিল না। আমরাও আমাদের ক্যাম্পে ফিরে এলাম। সবাই ক্লান্ত, বেলা শেষ।