শত্রুর ক্রোধে স্বপ্নের সমাধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক আবু সাঈদের স্বপ্ন ছিল বাগানের পেয়ারা বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন। তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে ওই বাগানের ৩০০ পেয়ারাগাছ কেটে ফেলেছে। পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।আবু সাঈদ জানান, গত বছর তিনি নাটোর থেকে উন্নত জাতের ৩০০ থাই পেয়ারার চারা এনে দুই বিঘা জমিতে লাগান। এ বছর এসব গাছে অনেক ফুল এসেছিল। গতকাল মঙ্গলবার সকালে তিনি বাগান পরিচর্যা করতে গিয়ে দেখেন, সব পেয়ারাগাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। কাটা গাছগুলো ফেলে রাখা হয়েছে পাশের একটি লিচুবাগানে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে থানায় অভিযোগ করলে ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। আবু সাঈদ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের গণি সরদারের ছেলে মফেজ্জল, খোকন ও মনির হোসেন এ ঘটনা ঘটিয়েছেন।আবু সাঈদ জানান, গত বছর তিনি দুই বিঘার অন্য একটি বাগানের পেয়ারা বিক্রি করে ছয় লাখ টাকা আয় করেন। এ বছর এ বাগান থেকে পেয়ারা বিক্রির টাকায় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। এ ঘটনায় তিনি গণি সরদারের ছেলেদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা তালিকাভুক্ত করার পর তিনি আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে গণি সরদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।