শত্রুর হাত শক্তিশালী হয় এমন সমালোচনা করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকে সমালোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। কিন্তু এমন সমালোচনা করবেন না, যাতে শত্রুর হাত শক্তিশালী হয়।মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক-২০১২ বিতরণ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ-এর প্রয়াত সম্পাদক এবং মুক্তিযোদ্ধা বজলুর রহমান স্মরণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুজন সাংবাদিককে এ পুরস্কার দিয়ে থাকে মুক্তিযুদ্ধ জাদুঘর।এ বছর প্রিন্ট মিডিয়া থেকে এ পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক রাহাত মিনহাজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুই সাংবাদিকের প্রত্যেকের হাতে একটি পদক এবং এক লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কার নির্বাচনের জন্য গঠিত জুরিবোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতার শত্রু এবং গণতন্ত্রের বিপক্ষ শক্তি যাতে শক্তিশালী হওয়ার সুযোগ না পায়, সে জন্য সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের সংবাদমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং তার আগে চারদলীয় জোট সরকারের সময় ছিল না।’ বিরোধীদলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান নাকি ২৭ মার্চ ড্রামের ওপর দাঁড়িয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এটা যদি সত্য হয়, তাহলে সেই ২৭ মার্চ তিনি হরতাল ডাকলেন কীভাবে? প্রধানমন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিক বজলুর রহমান গণতন্ত্র এবং মানুষের পক্ষে কথা বলেছেন। স্মৃতিচারণা করে তিনি বলেন, ২০০৮ সালে যখন কারাগারে বন্দী ছিলেন, সে সময় বজলুর রহমানের মৃত্যুর খবর শুনতে পান। কারাগারে আটক থাকায় সে সময় তিনি বজলুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সমবেদনা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হন। এ ঘটনা আজও তাঁকে পীড়া দেয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের দুই ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও জিয়াউদ্দিন তারিক আলী বক্তব্য দেন। জুরিবোর্ডের সদস্যদের মধ্যে এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য দেন।অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গত পাঁচ বছরে মুক্তিযুদ্ধবিষয়ক নির্বাচিত প্রতিবেদনসংবলিত বই এবং ডিভিডির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।