আর্সেনিকোসিস রোগীদের উন্নত চিকিৎসা নিয়ে পরামর্শ সভা
শনাক্ত করা রোগীদের মধ্যে ১৭ শতাংশ মারা গেছে
দীর্ঘদিন ধরে শনাক্ত করা আর্সেনিক রোগীদের মধ্যে ১৭ শতাংশ ইতিমধ্যে মারা গেছে। এই পরিসংখ্যান পর্যবেক্ষণে থাকা পরিবারগুলোর ওপর ভিত্তি করে পাওয়া। বিশেষজ্ঞরা বলেছেন, জাতীয়ভাবে আর্সেনিক রোগীদের মৃত্যুর পরিসংখ্যান না থাকলেও তা একই রকম হওয়ার কথা।
আর্সেনিক নিয়ে অল্প সময়ে বাংলাদেশে অনেক গবেষণা ও জরিপ হয়েছে। এতে দেখা গেছে, আর্সেনিক দূষণ সম্পর্কে মানুষ সচেতন হয়েছে। তবে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা এখনো অজানা। সরকারি হিসাবে আর্সেনিকে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের মতো।
রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল প্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার আর্সেনিকোসিস রোগীদের উন্নততর চিকিৎসা বিষয়ে আয়োজিত পরামর্শ সভায় আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষকেরা এসব তথ্য দেন। বেসরকারি প্রতিষ্ঠান এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এই পরামর্শ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মিলটন। এই গবেষক ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, বরিশাল, পাবনা জেলার মারাত্মক আর্সেনিক দূষণের শিকার ৩৭২টি পরিবারকে ১৮ বছর ধরে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, এসব পরিবারের আক্রান্ত ব্যক্তিদের ৬৬ জন বা ১৭ শতাংশ ইতিমধ্যে মারা গেছেন। অনুষ্ঠান শেষে তিনি প্রথম আলোকে বলেন, জাতীয়ভাবে আর্সেনিক দূষণের কারণে মৃতের পরিসংখ্যান নেই। তবে পরিসংখ্যানটি একই রকম হওয়ার কথা।
আবুল হাসনাত প্রবন্ধ উপস্থাপনের সময় বলেন, মানুষ সচেতন হয়েছে, আগের চেয়ে আর্সেনিক দূষণের শিকার কম হচ্ছে। সরকারের পাশাপাশি এনজিওগুলো আর্সেনিকোসিস রোগীদের চিকিৎসা দিচ্ছে। তবে কত রোগী আর্সেনিকোসিসে আক্রান্ত হচ্ছে, তার সঠিক হিসাব হালনাগাদ থাকা দরকার।
পরামর্শ সভার শুরুতে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা ৬৫ হাজার ৯১০ জন। প্রকৃত সংখ্যার চেয়ে এই সংখ্যা অনেক কম। উদাহরণ হিসেবে তিনি বলেন, পাবনার ঈশ্বরদীর একটি গ্রামে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগী আছে ১৩০ জন। কিন্তু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ওই গ্রামের নিবন্ধিত রোগীর সংখ্যা মাত্র পাঁচজন উল্লেখ আছে।
একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে রোগী কম দেখানো হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আনোয়ার জাহিদ বলেন, মানিকগঞ্জের কয়েকটি ইউনিয়নে সম্প্রতি ৭০টি অগভীর নলকূপ বসানো হয়েছে, যার প্রতিটির পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিক রয়েছে। এতে একদিকে সরকারি অর্থের অপচয় হয়েছে, অন্যদিকে মানুষকে জেনেশুনে বিষ পান করার সুযোগ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে আর্সেনিক নিয়ে গবেষণা বেশি হয়েছে। তথ্য ও জ্ঞান যথেষ্ট আছে। এখন দরকার একযোগে কাজে নেমে পড়া। তিনি বলেন, আর্সেনিক সমস্যা মোকাবিলার প্রধান কৌশল হচ্ছে প্রতিরোধ। এর জন্য দরকার বিশুদ্ধ পানি সরবরাহ করা। কিন্তু এখন পর্যন্ত সব মানুষকে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করা সম্ভব হয়নি।
প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ বলেন, পানি আর্সেনিকমুক্ত, এটা নিশ্চিত হওয়ার পরই সরকারিভাবে নলকূপ বসানো হচ্ছে। সরকারি-বেসরকারি তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ের মাধ্যমেই আর্সেনিক সমস্যা মোকাবিলা করতে হবে।