ভিডিও ফুটেজে ছবি থাকার পরও বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের ধরতে পুলিশের তিনটি সংস্থা পরপর ব্যর্থ হলো। এ অবস্থায় পুরান ঢাকা থেকে গ্রেপ্তার মো. কামালকে আসামি দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, শনাক্ত হওয়া সাত নির্যাতনকারীকে খুঁজে পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকজন নারী লাঞ্ছনার শিকার হন। লাঞ্ছনাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি লিটন নন্দী। ঘটনার পর আহত লিটন প্রথম আলোকে বলেছিলেন, ‘এ দৃশ্য বর্ণনা করা যায় না। আমি আমার পাঞ্জাবি খুলে এক নারীকে দিয়েছিলাম। আরেকটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে ছিল। ওই যুবকেরা ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা ঘটাচ্ছে। আমরা পুলিশ সদস্য ও প্রক্টরকে ঘটনা জানালেও তাঁরা কেউ যথাসময়ে আসেননি।’ গতকাল অভিযোগপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, শুরু থেকেই এই মামলা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা ছিল। অপরাধীদের ধরার চেয়ে উৎসবে অংশগ্রহণকারীদের ওপর বিধিনিষেধ চাপানোয় আগ্রহ ছিল বেশি। অনেকে ধরেই নিয়েছিলেন বর্ষবরণের ঘটনায় নারীরা লাঞ্ছনার শিকার হতেই পারেন।
গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক অভিযোগপত্র দাখিল করেন। পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আটজনকে শনাক্ত করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামি কামাল তাঁদেরই একজন। বাকি সাতজনকে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সম্পূরক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। মামলায় ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।
এই ঘটনা নিয়ে অনেক জল ঘোলা হওয়ার পরও আদতে মূল অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ ব্যর্থ হয়। নারীদের লাঞ্ছনা ছেলেদের ‘দুষ্টামি’ বলেও মন্তব্য করেছিলেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। প্রথমে শাহবাগ থানা, দ্বিতীয় পর্যায়ে পুলিশের গোয়েন্দা বিভাগ কাউকে ধরতে ব্যর্থ হয়। গত বছরের ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করে গোয়েন্দা বিভাগ। ওই প্রতিবেদনে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এলাকায় ভিড় ছিল, ভিড়ের মধ্যে নারীর শ্লীলতাহানির চেষ্টা ছিল, শাড়ি ধরে টান দেওয়ার ঘটনাও ঘটেছিল। নারী লাঞ্ছনার সব ঘটনাই তদন্তে বেরিয়ে এলেও, কারা ঘটাল, তাদের আর খুঁজে পায়নি ডিবি। ব্যাপক সমালোচনার মুখে মামলাটি পুনঃ তদন্তের আবেদন করে পুলিশ। এর এক মাস পর মো. কামাল নামের এক ব্যক্তিকে এ বছরের ২৭ জানুয়ারি ৫৪ ধারায় গ্রেপ্তার করে মামলা পুনঃ তদন্তের আবেদন জানায়। ২৩ ফেব্রুয়ারি ধার্য তারিখে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি পুনঃ তদন্তের আদেশ দেন। মামলার দায়িত্ব পায় পিবিআই। ১০ মাস তদন্তের পর এসে দেখা গেল, পুলিশ যে তিমিরে ছিল, সেখানেই থেকে গেছে। মো. কামাল ছাড়া এই সংস্থাও আর কাউকেই খুঁজে পায়নি। উল্লেখ্য, মো. কামাল বরাবর নারী লাঞ্ছনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছেন। আপরাধীদের শনাক্ত করতে লিটন নন্দীসহ আরও কজন পুলিশের গোয়েন্দা বিভাগকে সহযোগিতা করেছিলেন।
তবে পিবিআইয়ের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আসামি ধরার ক্ষেত্রে কোনো দুর্বলতা ছিল না। লোকগুলো কে, তা জানতে পারলে অবশ্যই ধরা হতো। সাত সন্দেহভাজনের ছবি প্রকাশের পর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ফুটেজ নিয়ে সেখানেই গিয়েছি। কিন্তু সন্দেহভাজন কাউকেই পাওয়া যায়নি।’ তবে তিনি বলেছেন, বিষয়টি স্পর্শকাতর এবং আসামিদের ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘তাহলে সিসি ক্যামেরা রাখে কেন, যদি সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ অপরাধীকে শনাক্তই করতে না পারে? আমরা ফুটেজ নিয়ে গিয়েছি, ছবি দেখিয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, তাতে লাভটা হলো কী? আমরা তো তাদের ওপরই নির্ভর করি। তাদের এই খোঁজার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল না?’