কুর্মিটোলা বিহারি ক্যাম্পের ১০ হত্যাকাণ্ডের ৭ মাস
শনাক্ত হয়নি কেউ, যুবলীগের নেতাও ধরাছোঁয়ার বাইরে
রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে ১০ হত্যাকাণ্ডের সাত মাসেও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এমনকি ওই ক্যাম্পের একই পরিবারের নয়জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠা আলোচিত যুবলীগের নেতা জুয়েল রানাকেও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি।
কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, গত বছরের ১৪ জুন জুয়েল রানা বাহিনীর হামলায় ১০টি তাজা প্রাণ ঝরে যায়। এতে পুলিশ ও স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ইন্ধন দেন। ক্যাম্পের জায়গা থেকে তাঁদের উচ্ছেদ করতে এই হামলা করা হয়েছে। হামলার পরদিন তাঁরা সড়ক অবরোধ করেন এবং সাংসদের কুশপুত্তলিকা পোড়ান।
বিহারি ক্যাম্পের বাসিন্দারা জানান, এসব ঘটনায় পুলিশ ও তাদের পছন্দের লোকজন বাদী হয়ে ছয়টি মামলা দায়ের করে। মামলাগুলোতে বিহারি ক্যাম্পেরই অজ্ঞাতনামা ও নাম উল্লেখসহ তিন হাজার ৭১৪ জনকে আসামি করা হয়।
অবশ্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই হামলায় তাঁর সম্পৃক্ততা ছিল না। তাঁর কোনো লোকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাংসদ।
বিহারিদের সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) কুর্মিটোলা বিহারি ক্যাম্পের প্রচার সম্পাদক খোরশেদ আলম বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং গুলি চালিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা তো দূরের কথা, পুলিশ কাউকে শনাক্তই করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হামলাকারীদের ভিডিও দৃশ্য ডিবির কাছে দেওয়া হয়েছিল। অথচ সাত মাসে একজনও গ্রেপ্তার হলো না।
জানতে চাইলে মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, বিহারি ক্যাম্পের মো. ইয়াছিনের পরিবারের নয়জনকে পুড়িয়ে মারাসহ ১০ হত্যাকাণ্ডে সেদিনের হামলার ভিডিও দৃশ্য ও ধারণকৃত স্থির ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তবে সন্দেহভাজন হামলাকারী কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। আর যুবলীগের নেতা জুয়েল রানাসহ অন্তত ২০ জন ডিবির নজরদারিতে আছেন। জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জুয়েল রানা পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক। কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে।
‘বিহারি’ হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে গত ১৪ জুন ভোররাত থেকে যুবলীগের জুয়েল রানার নেতৃত্বে বহিরাগত ও পুলিশের সংঘর্ষ হয়৷ সংঘর্ষের একপর্যায়ে সকালে জুয়েল রানার সমর্থকেরা ক্যাম্পের আটটি ঘরে বাইরে থেকে অগ্নিসংযোগ করলে ইয়াছিন আলীর পরিবারের নারী-শিশুসহ নয়জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। তাঁর এক মেয়ে ফারহানা দগ্ধ হলেও কাটা বেড়া দিয়ে সেদিন কোনোমতে সে বেরিয়ে আসে৷ আর পুলিশের গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা বেনারসির কারচুপিশ্রমিক মো. আজাদ। ইয়াছিন সেদিন বাইরে থাকায় বেঁচে গেলেও ৬ সেপ্টেম্বর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় মারা যান। পরদিন তাঁর ফুফাতো ভাই মো. আলমের দায়ের করা মামলার বিবরণে লেখা হয়েছে, ইয়াছিনের মৃত্যুতে ওই দুর্বৃত্তদের হাত থাকতে পারে।
ইয়াছিনের পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য দগ্ধ ফারহানা আক্তার জানায়, তার শরীরের পোড়া ঘা শুকাতে শুরু করেছে। কিন্তু পরিবারের সব হারানোর সেই দুঃসহ স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না। ফারহানা মিরপুর ২ নম্বরের ইউসেপ স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। সে জানায়, পুড়ে কুঁচকে যাওয়া হাত দিয়ে লিখতে পারছে না। তবে সে পড়াশোনা করতে চায়।
এসপিজিআরসি কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, পরিবারের নয়জনের বিচার চেয়ে মামলা করতে আদালতে যাওয়ার দুই দিন আগে ৬ সেপ্টেম্বর ইয়াছিনকে বাসের ধাক্কায় মেরা ফেলা হলো। তাই তাঁরা এখন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করতে ভয় পাচ্ছেন।
মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, ১০ হত্যার ঘটনায় হওয়া মামলা ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, লুটপাট-ভাঙচুরের ঘটনায় ক্যাম্পবাসীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। শিগগির এসব মামলায় ক্যাম্পবাসীকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।