শনাক্ত হয়নি মূল হোতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলায় দায়সারা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগপত্রে মূল হোতাদের বাদ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীকে আসামি করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
এজাহারভুক্ত ২৫ আসামির মধ্যে শুধু আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছ থেকে মতামত না নিয়ে গোপনে তা জমা দেওয়া হয়। আগামী ৩ জুন আট আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচার শুরুর দিন ধার্য রয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর চান্দগাঁও থানার এসআই আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সদ্য বিদায়ী চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এজাহারে ফ্লাইওভার ধসের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ থাকলেও পুলিশ শুধু আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। আলোচিত এই মামলার অভিযোগপত্র দাখিল করার আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মতামত নেওয়ার নিয়ম থাকলেও তদন্তকারী কর্মকর্তা আমার কোনো মতামত নেননি। মতামত নিতে এলে আমি এই অভিযোগপত্রের সঙ্গে একমত পোষণ না করে মূল হোতাদের শনাক্তের জন্য বলতাম। রাষ্ট্রপক্ষ জানেও না, কখন পুলিশ এ অভিযোগপত্র দাখিল করে। তাই সঙ্গে সঙ্গে নারাজি দেওয়া যায়নি। মহানগর দায়রা জজ আদালতে আসার পর বিষয়টি নজরে আসে।’
সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, চউক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দিলেও তারা দায়িত্ব এড়াতে পারে না। কাজ চলাকালে প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের হলেও দায়ী চউক। বাড়ি নির্মাণকালে মিস্ত্রির গাফিলতিতে কোনো লোক মারা গেলে যেমন বাড়ির মালিক দায় এড়াতে পারেন না, তেমনি চউকও দায় এড়াতে পারে না।
পুলিশের তদন্ত প্রসঙ্গে দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘আমাদের দেশে পুলিশের তদন্ত প্রশ্নসাপেক্ষ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় প্রাণহানি না ঘটে, তার জন্য যথাযথ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা উচিত। এ ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশনা দিতে পারেন আদালত।’
জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা নগরের চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম গত বছরের ২৪ অক্টোবর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে। তখনই বিষয়টি নজরে আসে রাষ্ট্রপক্ষের। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলাম।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, সাক্ষ্যপ্রমাণে এজাহারভুক্ত ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন করা হলো। অভিযুক্ত আট আসামি বিনা অনুমতিতে ছুটির দিনে কাজ করেছিলেন, যা ১৭ আসামির জানা ছিল না। এ কারণে তাঁদের অভিযুক্ত করা যাচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে অভিযুক্ত করেননি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছি। বাকিটা আদালতের বিষয়।’
অভিযোগপত্র দাখিলের আগে রাষ্ট্রপক্ষের পিপির কাছ থেকে মতামত নেওয়া হয়নি কেন, জানতে চাইলে কোনো সদুত্তর দেননি তিনি।