খুলনা বিভাগে টানা তিন দিন ধরে প্রতিদিন করোনায় শনাক্তের রেকর্ড ভাঙছে। আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে খুলনা বিভাগে এক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে বিভাগে ৩৮ হাজার ও খুলনা জেলায় শনাক্ত ১১ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে চলতি ৭ জুন পর্যন্ত ৪৪৬ দিন সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৪১১ জনের। প্রতিদিন গড়ে প্রায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত তিন দিনেই বিভাগে ১ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত তিন দিনে গড়ে শনাক্ত হয়েছে ৫৬০ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে আরও দেখা গেছে, চলতি মাসের প্রথম ১০ দিনে (১-১০ জুন) ৩ হাজার ৭৯৯ জন শনাক্ত হয়। এ সময়ে মারা গেছেন ৫০ জন। এর আগের ১০ দিনে (২২-৩১ মে) ১ হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছিল। ওই ১০ দিনে মারা যান ৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৯২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৬ দশমিক শূন্য ৫ শতাংশ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে জানা গেছে, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৯০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৬৯৫ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার, চলতি বছরের ১ জানুয়ারি ২৫ হাজার, ৩০ মে ৩৪ হাজার, ৩ জুন ৩৫ হাজার, ৯ জুন শনাক্তের সংখ্যা সাড়ে ৩৭ হাজার ছাড়ায়। বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, আসলে স্বাস্থ্যবিধি কেউ মেনে চলছে না। এ কারণে করোনার সংক্রমণ বেড়ে পরিস্থিতির অবনতি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১১৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩২ হাজার ৫৩২ জন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৮৬৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪০ জন।
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে খুলনায় রয়েছেন ১২২ জন (নগরে ৭৯ জন)। এ ছাড়া বাগেরহাটে ৬৩ জন, যশোরে ২০০, সাতক্ষীরায় ৪৮, নড়াইলে ৫, মেহেরপুরে ৯, চুয়াডাঙ্গায় ৩৭, ঝিনাইদহে ২১ এবং কুষ্টিয়ায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ১০১ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৮৩ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯১ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ১৫৪, যশোরে ৭ হাজার ৮৯৯, ঝিনাইদহে ৩ হাজার ৩১, কুষ্টিয়ায় ৫ হাজার ৩৯৪, মাগুরায় ১ হাজার ২৯২, মেহেরপুরে ১ হাজার ১১০, নড়াইলে ১ হাজার ৯৬১ ও সাতক্ষীরায় ২ হাজার ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ও কুষ্টিয়ায় ২ জন করে এবং খুলনায় ১ জন করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৯২ জন, কুষ্টিয়ায় ১২৪, যশোরে ৮৪, চুয়াডাঙ্গায় ৬৪, ঝিনাইদহে ৫৭, বাগেরহাটে ৫৩, সাতক্ষীরায় ৪৮, নড়াইলে ২৭ এবং মাগুরায় ও মেহেরপুরে ২৩ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। তাই এখন শয্যা খালি না হলে রোগী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। তবে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে তো ভর্তি নিতেই হচ্ছে। আর লক্ষণ-উপসর্গ তেমন নেই—এ রকম ব্যক্তিদের হাসপাতালে ভর্তি না হতে উৎসাহিত করা হচ্ছে।’
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, ভর্তি বন্ধ হয়নি। শয্যা খালি হওয়া সাপেক্ষে ভর্তি চলছে। আগামীকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা আছে। সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।