শনাক্তের হার ও সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়াল।

আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্তের হার ও সংখ্যা কমেছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কয়েক দিন ধরে বাসায় ও হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমছে। ১৫ দিন আগে (গত ২০ জুলাই) বিভাগে করোনা রোগী ছিলেন ২৫ হাজার ৬৩৬ জন। আর সাত দিন আগে (২৮ জুলাই) এই সংখ্যা কমে দাঁড়ায় ২২ হাজার ৭৯৪ জনে। আজ করোনা রোগী আরও কমে দাঁড়ায় ২০ হাজার ৭৭৪ জনে। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৭৬ জন। অন্যরা বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট মেশিন এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ৩ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষায় ওই ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ১৮। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৫৭টি নমুনা কম পরীক্ষা হয়েছে। ওই সময়ে শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬৩ শতাংশ।

নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৩৩ জন কুষ্টিয়ার। এ ছাড়া ঝিনাইদহে ৮৩, খুলনায় ১৩২, যশোরে ১৬৬, চুয়াডাঙ্গায় ২৬, সাতক্ষীরায় ৪১, বাগেরহাটে ৫৪, মাগুরায় ও মেহেরপুরে ৬৭ জন করে এবং নড়াইলে ৭৭ জন রয়েছেন।

নতুন ৯৪৬ জন নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জনের। যশোরে করোনা শনাক্তের মোট সংখ্যা ১৯ হাজার, কুষ্টিয়ায় ১৫ হাজার এবং মেহেরপুরে ৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় বিভাগে শীর্ষে আছে খুলনা জেলা। এখানে ২৪ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে ১৯ হাজার ১৪৭ জনের এবং কুষ্টিয়ায় ১৫ হাজার ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাটে ৬ হাজার ১৯৫, চুয়াডাঙ্গায় ৬ হাজার ১২৯, ঝিনাইদহে ৭ হাজার ৯৩১, সাতক্ষীরায় ৫ হাজার ৮১৭, নড়াইলে ৪ হাজার ২৬৬, মেহেরপুরে ৪ হাজার ১ জন এবং মাগুরায় ৩ হাজার ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮৭২ জন। সুস্থতার হার মোট শনাক্তের প্রায় ৭৬ শতাংশ। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৪৮৫। মৃত্যুর হার ২ দশমিক ৫৯। মারা যাওয়া সর্বশেষ ৩১ জনের মধ্যে খুলনায় ৮ জন, কুষ্টিয়ায় ও যশোরে ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ৩ জন, মাগুরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে রয়েছেন।

বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৬৪৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ কুষ্টিয়ায় ৫৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ৩৬১, ঝিনাইদহে ২১৩, চুয়াডাঙ্গায় ১৬৫, মেহেরপুরে ১৪৩, বাগেরহাটে ১২৭, নড়াইলে ৯৪, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৭০ জন মারা গেছেন।