শনি ও সোমবার সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত বুধবার গণমিছিল কর্মসূচিতে পুলিশের বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার, গুপ্তহত্যা ও অপহরণের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে: কাল শনিবার সারা দেশে থানা ও পৌরসভা পর্যায়ে এবং সোমবার সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘আশা করি, সরকার দমননীতির পথ থেকে সরে আসবে। অন্যথায় কোনো অস্থিতিশীল, অনিশ্চয়তা বা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।’ তিনি অভিযোগ করেন, বুধবার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের ৮৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দলের গণমিছিল কর্মসূচিতে পুলিশি বাধার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণমিছিলের ওপর পুলিশের নিষেধাজ্ঞা ছিল না, সম্পূর্ণ গায়ের জোরে তারা এটা করেছে। ‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই ফ্যাসিবাদের উপাসক’ বলে মন্তব্য করে তিনি বলেন, এ সরকার আইনের ধার ধারে না। ফ্যাসিবাদী কায়দায় তারা দেশ চালাতে চায়। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।