নারায়ণগঞ্জ শহরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের মানববন্ধনের মধ্যবর্তী স্থানে একই দিন আগামী শনিবার বিকেলে সমাবেশের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। একই সময়ে সমাবেশ ডাকায় সংঘাতের আশঙ্কা করছে পুলিশ।মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গত শুক্রবার শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ করে। দাবি আদায়ে সমাবেশ থেকে ২০ এপ্রিল শনিবার বিকেল সাড়ে চারটায় চাষাঢ়া শহীদ মিনার থেকে নিতাইগঞ্জের নগর ভবন পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনের মধ্যবর্তী স্থান ২ নম্বর রেলগেট এলাকায় শনিবার একই সময়ে সমাবেশ ডেকেছেন শামীম ওসমান। অথচ গত শুক্রবার তিনি অনুগতদের নিয়ে বৈঠক করে ১৮ এপ্রিল (আজ বৃহস্পতিবার) সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। মুজিবনগর দিবস উদ্যাপন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ওই সমাবেশ করা হবে জানিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত শহরে ব্যাপক মাইকিং করা হয়। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমান উসকানি দিয়ে পরিকল্পিতভাবে সংঘাত করতে চাইছেন। প্রশাসনের উচিত শামীম ওসমানের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা।’শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি, ১৮ এপ্রিল আবহাওয়া খারাপ থাকবে। তা ছাড়া সমাবেশের প্রস্তুতির জন্য তারিখ পিছিয়ে ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।’ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, ‘দুই পক্ষ একই সময়ে একই স্থানে কর্মসূচি পালন করলে সংঘাতের আশঙ্কা রয়েছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে এক পক্ষকে তাদের কর্মসূচি পালনে বিরত রাখার চেষ্টা করব।’