শনিবার খুলছে রংপুর মেডিকেল কলেজ
কাল শনিবার রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আজ শুক্রবার শিক্ষার্থীদের তাঁদের নিজ নিজ ছাত্রাবাসে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে ১৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।
জাকির হোসেন জানান, কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কলেজ একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। সভায় উপাধ্যক্ষ সৈয়দ আবু তালেবসহ সব বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় কলেজ ও ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যাপারে সবাই একমত হন। এরপর সিদ্ধান্ত হয় আজ শুক্রবার কলেজের মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং মহিলা হোস্টেলে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। এ ছাড়া কাল শনিবার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চলবে।