শনিবার থেকে আবার চার দিনের অবরোধ
আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন। শনিবার টিকাদিবসের কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি, সংবাদপত্র, ফায়ার ব্রিগেড অবরোধের আওতামুক্ত থাকবে। ১৮-দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা। অবরোধ শেষ হতে না হতেই আবার নতুন করে অবরোধের কর্মসূচি দিল ১৮-দলীয় জোট।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত ১৮-দলীয় জোট চার দফা অবরোধের ডাক দিয়েছে। এবার ১৮-দলীয় জোট দিল পঞ্চম দফা অবরোধের ডাক। এর সঙ্গে যোগ হয় হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে সহিংসতা।
হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় গত ২৩ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ১১৪।