শনিবার থেকে আরও বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার ১৪ আষাঢ়। আষাঢ় শেষে আসবে শ্রাবণ মাস। কিন্তু এরই মধ্যে বর্ষাকাল তার আসল রূপ দেখাতে শুরু করেছে। সামনের দিনগুলোতে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে দেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলে। এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী রূপ নিতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। একই ধরনের বৃষ্টি রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে।

এই বৃষ্টি আরও তিন দিন থাকতে পারে বলে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এর মধ্যে আগামী শনিবার বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বেশি বৃষ্টি হয়েছে ভোলায় ৪০ মিলিমিটার। এ ছাড়া মাদারীপুরে ৩৩, টাঙ্গাইলে ৩০, খুলনায় ১৯, পটুয়াখালীর খেপুপাড়ায় ২৫, চাঁদপুরে ১৬, সিলেটে ১৪, বাগেরহাটের মোংলায় ১৩, কুড়িগ্রামের রাজারহাটে এবং রাজধানী ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে ভ্যাপসা গরম অনেকটাই কমে গেছে। একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া দাবদাহ এখন নেই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ৩২ দশমিক ৯, সিলেটে ৩৪ দশমিক ২, রাজশাহী ও রংপুরে ৩৪, খুলনায় ৩২ দশমিক ২ এবং বরিশালে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।