শনিবার থেকে চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’। এই চাকরি মেলার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবীর খান জানান, বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। ২০টি প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। এসব প্রতিষ্ঠান জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীদের বাছাই করবে। এ ছাড়া ক্যারিয়ার উন্নয়নবিষয়ক ১৫টি সেমিনার হবে। মেলার স্ট্র্যাটিজিক পার্টনার প্রথম আলো জবস।
শনিবার সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম।