রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডীর কড়াইতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
কামরুলের মুক্তিসহ ছয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
কামরুলের বড় বোন সালমা আক্তার বলেন, সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে ৮-১০ জন সাদাপোশাকের পুলিশ বাড়ির দরজায় কড়া নাড়ে। কামরুল বের হওয়ামাত্র তাঁকে মারধর শুরু করা হয়। একপর্যায়ে কোনো কথা বলার সুযোগ না দিয়েই পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। রাত পৌনে নয়টার দিকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম কামরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত নয়টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক্যাম্পাসে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হলো।’ সাধারণ সম্পাদকের মুক্তি ছাড়া অন্য দাবিগুলো হলো: ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, রাকসুসহ হল ছাত্রসংসদ চালু করা, অধ্যাপক শফিকুল ইসলামের প্রকৃত হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হল ডাইনিংগুলোর খাবারের মান ভালো করা।