শনিবার থেকে ঢাকায় ভোটার নিবন্ধন
আগামী শনিবার থেকে ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাদের নির্ধারিত তারিখে নির্ধারিত নিবন্ধনকেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার আগে, তাঁদের এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার করা হচ্ছে। এ ছাড়া ভোটার হওয়ার যোগ্য কেউ ইতিপূর্বে হালনাগাদে বাদ পড়ে থাকলে তাঁদেরও ভোটার হরা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার যোগ্য কারও তথ্য সংগ্রহ করা না হয়ে থাকলে তারাও নিবন্ধনকেন্দ্রে গিয়ে তথ্য ফরম পূরণ করে ভোটার হতে পারবেন।
নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে হলে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদের কপি, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্বের সনদ, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিকানা প্রমাণের পক্ষে বাসা/বাড়ির কর প্রদানের রসিদ/চৌকিদারের রসিদ/যেকোনো ইউটিলিটি বিলের কপি বা জমির দলিলের ফটোকপি নিয়ে যেতে হবে।
ঢাকা মহানগরী ও এর আওতাধীন এলাকাগুলোর ভোটার নিবন্ধনের সময়সূচি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও জানা যাবে সময়সূচি।