শনিবার থেকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র (ফরম) আগামী শনিবার থেকে পাওয়া যাবে। পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির ফরম সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে।
ফরম পূরণ করে ৩০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়া যাবে।। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, প্রতিটি শ্রেণির ভর্তির আবেদনপত্রের মূল্য ১৫০ টাকা। গত সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খানসহ সরকারি বিদ্যালয়গুলোর
প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্যরা।
নয়টি সরকারি বিদ্যালয় হচ্ছে: কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় এবং সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, মোট পাঁচটি শ্রেণিতে তিন হাজার ৫৭৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯৬০, ষষ্ঠ শ্রেণিতে ৬৪৭, সপ্তম শ্রেণিতে ১৮৩, অষ্টম শ্রেণিতে ১২৯ এবং নবম শ্রেণিতে ৬৫৫টি আসন রয়েছে। বিদ্যালয়গুলোর নোটিশ বোর্ড, দৈনিক পত্রিকা ও জেলা প্রশাসনের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা ২৭ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেব।’