শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ
শনিবার থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। প্রথম পর্বে প্রতিটি জেলার একটি করে উপজেলায় হালনাগাদ করা হবে। পুরো হালনাগাদ কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। গতবারের চেয়ে এ ব্যয় প্রায় তিনগুণ বেশি।সংসদ সচিবালয় সূত্র জানায়, আগের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলার অন্তত দুটি উপজেলা নিয়ে হালনাগাদ কাজ শুরু হওয়ার কথা। কিন্তু নতুন কমিশন সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় শেষ পর্যন্ত একটি করে উপজেলায় হালনাগাদ কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কাজ শুরুর জন্য এরই মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে যাবে নিবন্ধন ফরম। এবার তথ্য সংগ্রহে প্রতিটি ফরম পূরণ করার জন্য তথ্য সংগ্রহকারীকে ২০ টাকা এবং সুপারভাইজারদের পাঁচ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।এর আগে নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানিয়েছেন, আইন অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ সম্ভব নয়, সংশোধন করতে হবে। তবে গতকাল কমিশনার আবু হাফিজ জানান, আগের নির্ধারিত সময় অনুযায়ী ১০ মার্চ থেকে হালনাগাদের কাজ শুরু হবে। চার ধাপে দেশের সব কটি উপজেলা এবং সিটি করপোরেশনে হালনাগাদের কাজ আগামী বছরের এপ্রিলের মধ্যে শেষ করার কথা রয়েছে।