শনিবার প্রতীকী অনশন পোশাক ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সহিংসতা বন্ধের দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন করবেন বস্ত্র ও পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ ছাড়া পরবর্তী আন্দোলন কর্মসূচি ও দাবি-দাওয়া আদায়ের জন্য বস্ত্র ও পোশাক খাতের সব সংগঠনকে নিয়ে একটি ফোরাম গঠন করা হবে।

বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আয়োজিত ‘চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্রশিল্পে এর নেতিবাচক প্রভাব’ বিষয়ে জরুরি মতবিনিময় সভায় আজ বুধবার বিকেলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিন আয়োজক সংগঠনের বর্তমান ও সাবেক নেতারাসহ পশ্চাৎমুখী সংযোগ শিল্পের কয়েকটি সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ ব্যবসায়ী অনশনের কর্মসূচির বিষয়ে মত দেন। তবে বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন, ‘অনশন একটা হোমিওপ্যাথি চিকিৎসা। আস্তে আস্তে আমাদের এলোপ্যাথিক চিকিৎসায় হাত দিতে হবে। দুই দলের ১০ নেতাকে আমাদের সামনে সংলাপে বসাতে হবে। তাঁরা যদি আমাদের সম্মান করে সংলাপে না বসেন, তবে জোর করে বসাব। এমন কর্মসূচি দিতে হবে।’
মতবিনিময় সভার শুরুতেই বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম টানা অবরোধ-হরতালে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে পোশাক রপ্তানির বড় আটটি বাজারে মোট ৪৮ দশমিক ৭০ শতাংশ কম প্রবৃদ্ধি হয়েছে। আবার একই সময়ে রপ্তানি প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশ প্রতিযোগী দেশ ভারত ও ভিয়েতনামের কাছে হেরে গেছে। তিনি আরও বলেন, ‘সব বাধাবিপত্তি কাটিয়ে আমরা আবার দাঁড়াতে শুরু করেছিলাম। কিন্তু আবার হরতাল-অবরোধ মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে।’
সভাপতির বক্তব্যের পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন পোশাক ব্যবসায়ীরা। ডিজাইন অ্যান্ড সোর্সের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘চীনের অনেক লোকই তাঁদের প্রধানমন্ত্রীর নামও জানেন না। তাঁরা কাজ বুঝেন। আমরাও কাজ বুঝতে চাই।’ তিনি সভায় উপস্থিত ব্যবসায়ীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হওয়ার আহ্বান জানান। আরেক ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, সহিংসতা বন্ধে সরকার কঠোর হবে কি না, সেটা আমরা জানি না। আমরা শুধু দেখতে চাই, আমরা ঠিকভাবে ব্যবসা করতে পারছি।’ তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘মানুষ পোড়ানো বন্ধ করেন। তারপর আপনি মানুষ নিয়ে রাজনীতি করেন।’
সভায় উপস্থিত ব্যবসায়ীরা আরও বলেন, বাংলাদেশের আজকের অর্জন রাজনীতিকদের খামখেয়ালির জন্য ধ্বংস হতে পারে না। এ জন্য প্রয়োজনে পোশাক ও বস্ত্র খাতের সব শ্রমিক-কর্মচারীকে নিয়ে রাস্তায় নামার বিষয়েও মত দেন তাঁরা। ব্যবসায়ীরা সংকট নিরসনে সরকার ও বিএনপি দলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানানোর পাশাপাশি হরতাল-অবরোধ বন্ধে আইন, ব্যাংক ঋণ পুনঃতফসিল করাসহ বিভিন্ন দাবি করেন।
তবে শ্রমিকদের রাস্তায় নামানোর বিষয়ে দ্বিমত পোষণ করেন সাংসদ ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী। তিনি বলেন, ‘শ্রমিকদের নিয়ে রাস্তায় নামা শেষ অস্ত্র। কিন্তু মনে রাখতে হবে, এই শ্রমিকেরাই আমাদের কারখানা পুড়িয়ে দিয়েছিল। রাজপথে নামার পর তাদের বন্দুক যে কোন দিকে ঘুরবে, সেটি বলা যায় না। তাই আগে শ্রমিকদের বুঝাতে হবে, কেন আমরা তাঁদের সাহায্য চাই। কারণ আজকে আমরা ক্ষতিগ্রস্ত, কালকে এর প্রভাব তাঁদের ওপরও পড়বে।’
বিজিএমইএর আরেক সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘রাজনীতিকদের রাজনীতি করার অধিকার আছে। আমাদেরও অধিকার আছে শান্তি ফিরিয়ে আনার। সে জন্য হরতাল-অবরোধের ওপর স্থগিতাদেশ আনাতে এফবিসিসিআই কাজ করছে। আমরাও সে ধরনের কিছু করব।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইয়ার্ন ডায়িং অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন আলমগীর প্রমুখ।