শনিবার বিক্ষোভ করবেন তোবার শ্রমিকেরা
তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকেরা আগামীকাল শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবেন।
ঈদের আগে গত ২৮ জুলাই থেকে এসব কারখানার দেড় হাজারের বেশি শ্রমিক বেতন-ভাতার দাবিতে অনশন করে যাচ্ছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় হোসেন মার্কেট ভবনে অবস্থিত কারখানায় শ্রমিকদের সঙ্গে সোমবার থেকে অনশনরত গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
মিশু বলেন, ‘সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। এ জন্য আমরা ‘তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি’ গঠন করেছি। এ কমিটি শ্রমিকদের অধিকার আদায়ে আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে সমাবেশ করবে।’
মিশু আরও বলেন, ‘শ্রমিকেরা পাঁচ দিন ধরে অনশন করছে। আর বিজিএমইএ আরও সাতদিন সময় লাগবে বলে পরিহাস করছে। বিজিএমইএ নেতারা তোবার মালিক দেলোয়ারকে জামিনে মুক্ত করতে তrপরতা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের দিকে তাকাচ্ছেন না।’
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ) সাত দিনের মধ্যে আংশিক বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তবে তা শ্রমিকেরা প্রত্যাখ্যান করেছেন। সরকার ও মালিকপক্ষ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিক্ষোভ কর্মসূচি ডাকতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকনেতারা।
তোবার শ্রমিক শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর এসব আশ্বাসে আমরা বিশ্বাস করি না। এর আগেও তারা বারবার আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা বেতন পাইনি। এখন আরও সাত দিনের কথা বলা হচ্ছে। তাহলে কি আমরা না খেয়ে মরব? আর তারপর সরকার ও বিজিএমইএ নেতারা আসবেন?’
অনশনরত শ্রমিকদের মধ্যে বর্তমানে ৮৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কারখানার ভেতরে অনশনরত অন্য শ্রমিকদের সঙ্গে মিশুকেও স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
হোসেন মার্কেট ভবনে তিনটি তলায় রয়েছে তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন। আর পাশের ফুজি ভবনে আছে বুকশান ও তোবা ফ্যাশনস।
আজ দুপুরের পর হোসেন মার্কেট ভবনের কারখানায় গিয়ে দেখা যায়, অনশনরত শ্রমিকদের পাশে বিষণ্নভাবে আরও অনেক শ্রমিক বসে রয়েছেন। তাদের সবারই একটি প্রশ্ন, কবে বেতন পাবেন?
শ্রমিকেরা জানান, গণমাধ্যমে তোবা গ্রুপের মালিক দেলোয়ারের জামিনে মুক্তি পাওয়ার খবর তারা জেনেছেন। কিন্তু তিনি এখন কোথায়, কী অবস্থায় আছেন বা কারাগার থেকে বের হয়েছেন কি না, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। আর মালিক মুক্তি পেলেই তাঁদের সব বেতন-ভাতা মিটিয়ে দেবেন, এমনটাও মনে করেন না তাঁরা।
তোবা গ্রুপের কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে পাঁচ বছর ধরে কাজ করেন মিরাজ। তিনি জানান, মে মাস থেকে বেতন-ভাতা বন্ধ। অথচ তাঁরা বিজিএমইএর আশ্বাসে ঈদের আগ পর্যন্ত কাজ করেছেন।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ছাড়াও সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চাসহ প্রগতিশীল ১১টি সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে তোবার শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।