শনিবার বুয়েটের ক্লাস শুরু, মামলা প্রত্যাহার
দীর্ঘ অচলাবস্থার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী শনিবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরাও ওই দিন শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা থেকে সবাইকে অব্যাহতি দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা ওই মামলায় আসামি ছিলেন ২৫ জন ছাত্র-শিক্ষক। মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করা হয়। পরে আদালত মামলা থেকে আসামিদের অব্যাহতি দিয়ে তা নথিভুক্ত করার আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই আদেশ দেন। গত রোববার সহ-উপাচার্য হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার পরই বুয়েটের দৃশ্যপট পাল্টাতে থাকে। ক্যাম্পাসের পরিস্থিতিও স্বাভাবিক হতে থাকে। গতকাল শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে গেলেও নতুন শিক্ষাপঞ্জি ঠিক না হওয়ায় ক্লাস হয়নি। বুয়েট প্রশাসন শিক্ষাপঞ্জি ঠিক করতে গতকাল সকালে ডিনস কমিটির সভা আহ্বান করে। সেখানেই শনিবার থেকে ক্লাস শুরু তারিখ ঘোষণা করে শিক্ষাপঞ্জি ঠিক করা হয়। আজ মঙ্গলবার এটা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। জানতে চাইলে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার থেকেই ক্লাস শুরু হবে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা করে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখসহ আনুষঙ্গিক বিষয়গুলো ঠিক করা হবে। বুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি বিকেলে সভা করে শনিবার থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সভায় বুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে শ্রেণীকক্ষে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।এদিকে অব্যাহতি পাওয়া সহ-উপাচার্য হাবিবুর রহমান বুয়েটের ভেতরের সমস্যা খতিয়ে দেখার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। এর পর থেকেই কার্যত অচলাবস্থা চলতে থাকে।