শনিবারের সহিংসতায় ১৬ মামলা
হরতালের আগের দিন শনিবার যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
গাড়ি ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ এসব মামলা করেছে। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং তেজগাঁও, রমনা, ডেমরা, কামরাঙ্গীর চর, চকবাজার, লালবাগ, শাহবাগ, কলাবাগান, নিউমার্কেট, শেরেবাংলা নগর, বংশাল, ওয়ারী, সবুজবাগ ও কদমতলী থানায় একটি করে মামলা হয়েছে।
শনিবার দুপুরে তেজকুনীপাড়ার হালিম কমিউনিটি সেন্টারের সামনে বাস পোড়ানো ও বাসের কন্ডাক্টরের কাছ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, সাদেক হোসেন খোকার হুকুমে সাইফুল ইসলাম নীরবসহ অন্যরা যাত্রীবেশে নিউভিশন পরিবহনের বাসে চড়ে কৌশলে বাসটি থামিয়ে আগুন ধরিয়ে পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।