শনির আখড়ায় পুলিশের তথ্যদাতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শনির আখড়ার একটি রিকশার গ্যারেজ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ শিপন হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, এ ঘটনায় কামরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার একদল পুলিশ সকাল সাড়ে সাতটার দিকে শনির আখড়ার শাহ আলমের গ্যারেজ থেকে শিপনের লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শিপনের চোখ-মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মর্গ সূত্র জানায়, শিপনের শরীরে একাধিক কোপের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর শরীরের একাধিক হাড় ভাঙা ছিল। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহতের বড় ভাই আইয়ুব হাওলাদার জানান, শিপন নির্মাণশ্রমিকের কাজ করার পাশাপাশি যাত্রাবাড়ী থানার পুলিশের তথ্যদাতা (সোর্স) ছিলেন। স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে তিনি তথ্য দিতেন। এর জের ধরে তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় সন্ত্রাসী রানা ফোনে তাঁর ভাইকে রায়েরবাগের বাসা থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। যোগাযোগ করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে লোকমুখে খবর আসে শিপনের লাশ শনির আখড়ায় রিকশা গ্যারেজে পড়ে আছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিকশার গ্যারেজে জুয়াখেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার বন্ধুরা শিপনকে হত্যা করে। হত্যার সঙ্গে জড়িত সবাই শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।