শনির হাওরের শনির শা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি জরুরি ঘোষণা, শনির হাওরের বাঁধের অবস্থা খুবই খারাপ। সবাই কোদাল নিয়ে এখনই বাজার ঘাটে চলে যান। ট্রলার ঘাটে অপেক্ষা করছে। আপনাদের বাঁধে পৌঁছে দেবে। হাওর বাঁচলে আমরা বাঁচব। তাই সবাই তাড়াতাড়ি ঘর থেকে বের হোন।’সুনামগঞ্জের তাহিরপর উপজেলা পরিষদসংলগ্ন শনির হাওরপারের উজান তাহিরপুর জামে মসজিদ থেকে মাইকে এভাবেই ঘোষণা দিচ্ছেন মুয়াজ্জিন মোহাম্মদ রফিক মিয়া। প্রতিদিন হাওরপারের শতাধিক গ্রাম থেকে এ রকম মাইকে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিচ্ছেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। শনির হাওরের বাঁধের পাহারাদাররা মুঠোফোনে তাঁদের কাছে বাঁধের অবস্থা জানিয়ে দেন। ইমাম-মুয়াজ্জিনদের মাইকের ঘোষণা শুনে গ্রামের কৃষক, ছাত্র, যুবক সবাই বাঁধের উদ্দেশে চলে যান। ১৫ দিন ধরে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরটি রক্ষায় কাজ করছেন স্থানীয় মানুষ। দুই দিন বৃষ্টি না হওয়ায় শুক্রবার পানি কমতে শুরু করায় কৃষকদের মধ্যে স্বস্তি ছিল। কিন্তু গত শনি ও কাল রোববার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে হাওরটি আবার হুমকির মুখে পড়েছে। শুরু হয়েছে মাইকিং।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যে পরিমাণ কাজ করেছে, স্বেচ্ছাশ্রমে তার দ্বিগুণ কাজ হয়েছে। কৃষকদের চেষ্টায়ই শনির হাওরটি এখন পর্যন্ত টিকে আছে। নতুন করে পানি বাড়ায় হাওরটিকে আবার ঝুঁকিতে ফেলে দিয়েছে। তিনি জানান, শনির হাওরের সাত হাজার হেক্টর জমির বোরো ধান রক্ষা পেলে উপজেলাবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, পাউবো বেড়িবাঁধ রক্ষায় ৩০ ভাগ কাজও করেনি। হাওর রক্ষা হচ্ছে কৃষকের স্বেচ্ছাশ্রমে। তবে স্থানীয় প্রশাসন বাঁধ রক্ষায় সার্বক্ষণিক কৃষকদের সঙ্গে থেকে সব ধরনের সহযোগিতা করছে। হাওরপারের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক আফিজ আলী (৭০) বলেন, ‘৬০ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমিন করেছি। হগল ধান অখনও কাঁচা। গাঙ্গও (নদীতে) পানি বাড়ছে দেখলেই বুক কাইপ্যা (কেঁপে) উডে।’সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, পানি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে চরম ঝুঁকিতে রয়েছে হাওরটি। জেলার মধ্যে এ হাওরটির বেড়িবাঁধ উঁচু। হাওরটির দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী আমজাদ হোসেন দাবি করেন, পাউবো হাওরটিতে যথাযথ কাজ করেছে।