ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। গত রোববার জেলার পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-সদস্যরা শপথ নেন। তবে মামলার জামিন-সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাইয়ের কারণে সিদ্দিকুর রহমানের শপথ স্থগিত রাখে জেলা প্রশাসন। পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নির্বাচনে জয়ী হওয়ার পর ২৬ এপ্রিল সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা মিছিল বের করেন। তখন তাঁরা পরাজিত প্রার্থী মো. জালালউদ্দীনের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় মো. জালালউদ্দীন বাদী হয়ে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১০৫ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সিদ্দিকুর রহমান হাইকোর্ট থেকে জামিন নেন।