শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদাও

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববার বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের শপথ অনুষ্ঠানে এক হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকছেন কূটনীতিকেরাও।
গতকাল শনিবার জাতীয় পার্টির রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা বানিয়ে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। এরপর থেকে বিরোধীদলীয় নেতার মর্যাদা হারান খালেদা জিয়া। তিনি গতকাল তাঁর গুলশানের কার্যালয়ে গেছেন নিজের গাড়িতে এবং তাতে জাতীয় পতাকা ছিল না। ছিল না প্রটোকল অনুযায়ী গত পাঁচ বছর ধরে পাওয়া নিরাপত্তাব্যবস্থাও।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘসময় ধরে আন্দোলন করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন ও সদ্য সাবেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট নির্বাচন বর্জন করে। নির্বাচনের পর নতুন সরকার গঠনকে তাঁর দল ‘অবৈধ’ বলে দাবি করে।