মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাতটি ইউপির নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল এসব ইউপির নির্বাচন হয়। বেলা একটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ প্রমুখ। পরে জেলা প্রশাসক কুলাউড়া সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নার্গিস আক্তার, বরমচাল ইউপির আবদুল আহবাব চৌধুরী, জয়চণ্ডী ইউপির কমর উদ্দিন আহমদ, রাউৎগাঁও ইউপির আবদুল জলিল, কাদিপুর ইউপির হাবিবুর রহমান, ভূকশিমইল ইউপির আজিজুর রহমান ও ব্রাহ্মণবাজার ইউপির মমদুদ হোসেনকে শপথ পড়ান। এ ছাড়া ইউএনও সাতটি ইউপির ৬৩ জন সাধারণ ও ২১ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ পড়ান।