শপথ ছিল, বাংলাদেশ স্বাধীন করব
‘১৯৭১ সালের ২৫ মার্চ। ঢাকার পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) সদর দপ্তরে দুপুর থেকেই অবস্থান নিয়েছে পাকিস্তান থেকে আসা ২২ বালুচ রেজিমেন্ট। রাত ১২টায় ইপিআরের বাঙালি সদস্যদের নির্বিচারে হত্যা শুরু করল তারা। কিছুক্ষণ প্রতিরোধযুদ্ধের পরই যে যেভাবে পারলাম আমরা বেরিয়ে এলাম। তবে আমাদের শপথ ছিল, এই হত্যাযজ্ঞের প্রতিশোধ নেব। বাংলাদেশ স্বাধীন করব।’
ভয়াল ২৫ মার্চের রাতের স্মৃতিচারণা করে কথাগুলো বলছিলেন মুক্তিযোদ্ধা নায়েক রেজাউল করিম। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রেজাউল ১৯৬৩ সালে ইপিআরে যোগ দেন। ১৯৭১ সালে তিনি পিলখানায় ইপিআরের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। ২০০০ সালে তিনি অবসরে যান।
১৯৭১ সালের স্মৃতি জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘৭ মার্চ আমরা ইপিআর সদস্যদের অনেকেই বঙ্গবন্ধুর ভাষণ শুনতে গিয়েছিলাম। ২৩ মার্চ রাতে আট-নয়জন পিলখানার মাঠের কাছে বড় বটগাছে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিলাম। ২৫ মার্চ সকাল থেকেই ইপিআরের প্রতিটি গেটে বালুর বস্তা দিয়ে অস্ত্র নিয়ে কড়া পাহারা দিচ্ছিল বালুচ রেজিমেন্টের সদস্যরা। তারা বেশির ভাগ বাঙালির অস্ত্র নিয়ে নিয়েছিল। এ কারণে রাত ১২টায় যখন পাকিস্তানি বাহিনী হামলা চালাল, তখন বেশিক্ষণ প্রতিরোধ করা সম্ভব হয়নি। অনেকেই সেদিন মারা গেছেন, অনেকেই বন্দী হয়েছেন। আমি ক্রলিং করে তারকাঁটা পেরিয়ে হাজারীবাগ ট্যানারি দিয়ে জিনজিরা চলে যাই। আমার সঙ্গে আরও ৪০-৪৫ জন ছিলেন। আমরা পরে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দিই। সেখান থেকে যাই আগরতলা।’
পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ গণহত্যা চালাতে অপারেশন সার্চ লাইটের যে পরিকল্পনা করে, তাতে ওই রাতে ২২ নম্বর বালুচ রেজিমেন্ট পিলখানা সদর দপ্তরে মোতায়েন পাঁচ হাজার ইপিআর জওয়ানকে নিরস্ত্র এবং ওয়ারলেস এক্সচেঞ্জ দখল করবে বলে উল্লেখ করা ছিল। তবে মুক্তিযুদ্ধ চলাকালে ইপিআরের (বর্তমান বিজিবি) নিহত ৮১৭ জন সদস্যের নাম-পরিচয় পাওয়া গেলেও ২৫ মার্চের প্রথম প্রহরে ইপিআরের ঠিক কতজন সদস্যকে পিলখানায় হত্যা করা হয়েছিল, সে তথ্য সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।
মুক্তিযুদ্ধ গবেষক ও ‘মুক্তিযুদ্ধে ইপিআর’ গ্রন্থের সম্পাদক নূরুল আমিন হেলাল প্রথম আলোকে বলেন, ‘১৯৭১ সালে ইপিআরের সাড়ে ১৮ হাজার সদস্য ছিলেন। এর মধ্যে সাত হাজার বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নেন। চার হাজার সদস্য পরে সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে ইপিআরের ৮১৭ জন শহীদ হন। এঁদের মধ্যে ২৫ মার্চ রাতেই পিলখানায় অনেককে হত্যা করা হয়। যাঁরা সেদিন আত্মরক্ষা করতে পেরেছিলেন, তাঁরাই পরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।’