শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়ে শপথ না নিয়েই গতকাল মঙ্গলবার দুপুরে ফিরে যেতে হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল-সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে। ছয়টি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে পরাজিত প্রার্থী হাইকোর্টে রিট করেছেন উল্লেখ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর পাঠানো ফ্যাক্সবার্তা পাওয়ার পর তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়নি বলে জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের ২১ মিনিট পর অনুষ্ঠান শুরু হয়। শপথ গ্রহণ শুরুর এক মিনিট আগে হঠাৎ করে বুড়িচং উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমান, জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা জেসমিনকে জেলা প্রশাসকের দপ্তরে ডেকে নেওয়া হয়। এরপর তাঁদের জানানো হয়, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হাইকোর্টে রিট করেছেন। ওই রিটের শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ কারণে তাঁদের শপথ নেওয়া সম্ভব নয়। এরপর ওই তিন জনপ্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
পরে কুমিল্লার লাকসাম, দেবীদ্বার, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া ও হোমনা, চাঁদপুরের সদর, মতলব উত্তর ও দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ শপথবাক্য পাঠ করান।
বুড়িচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান বলেন, ‘গেজেট প্রকাশিত হওয়ার পর আমন্ত্রণ পেয়ে শপথ নিতে আসি। আমাদের শপথবাক্য পাঠ না করানো উদ্দেশ্যমূলক। বিএনপি থেকে নির্বাচিত হয়েছি বলে কি অপরাধ করলাম?’
কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘সাজ্জাদ হোসেনের রিটের বিষয়টি তাঁর আইনজীবী ফ্যাক্স করে আমাদের অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ স্থগিত করি।’