কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ২০ জানুয়ারির মধ্যে শপথ গ্রহণ করাতে হবে। অন্যথায় ২৭ জানুয়ারি কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।গতকাল বুধবার শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার নির্বাচিত কয়েকজন কাউন্সিলর এ ঘোষণা দেন।এর আগে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হরতালের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিলি, ২৪ জানুয়ারি সকাল ১০টায় পৌরসভা কার্যালয় ঘেরাও ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৬ জানুয়ারি বিকেলে হরতালের সমর্থনে গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়।২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এখনো নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ হয়নি। দীর্ঘ সময় ধরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন কাউন্সিলর রাজ বিহারী দাশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছালামত উল্লাহ। নির্বাচিত কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘নানা অনিয়মের অভিযোগ এনে পৌরসভার একজন ভোটার উচ্চ আদালতে মামলা করলে শপথ গ্রহণ স্থগিত করা হয়। পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। শপথ গ্রহণে এখন আইনগত কোনো বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিতে পারে। কিন্তু নির্বাচিত মেয়র জামায়াতে ইসলামীর নেতা হওয়ায় কারও ভাগ্যে শপথ জুটছে না।’ সংবাদ সম্মেলনে নির্বাচিত মেয়র সরওয়ার কামালসহ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না।