শপথ নিতে এসে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপিদলীয় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শপথ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।মোহাম্মদ হোসেন শপথ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু শপথ নেওয়ার আগেই তাঁকে তিন দিন আগে দায়ের করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়।প্রশাসন সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার নবনির্বাচিত ১২টি ইউপির চেয়ারম্যান গত ১৩ আগস্ট শপথ নেন; কিন্তু শপথ নেওয়ার জন্য এলে গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কা ছিল হোসেনের। এ কারণে উচ্চ আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন নিয়ে গতকাল তিনি শপথ নিতে আসেন।রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে গত ২১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।পুলিশ সূত্র জানায়, নগরের পাঁচলাইশ থানায় ১ সেপ্টেম্বর দায়ের করা একটি প্রতারণা মামলার আসামি হিসেবে হোসেনকে গ্রেপ্তার করা হয়। রাউজানের ফল ব্যবসায়ী নূর মোহাম্মদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।হোসেন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে প্রায় ১০টি মামলা রয়েছে। এর বেশির ভাগই গত ইউপি নির্বাচনের পরই দায়ের করা হয়েছে বলে জানা গেছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের থানায় দায়ের করা বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি প্রতারণা মামলায় তাঁকে (মোহাম্মদ হোসেন) গ্রেপ্তার করা হয়। সম্ভবত তিনি শপথ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে অন্যান্য থানায়ও মামলা রয়েছে বলে জানা গেছে।’জানা গেছে, শপথ নেওয়ার জন্য গতকাল সকালে ৪০-৫০ জন নেতা-কর্মীসহ মোহাম্মদ হোসেন জেলা প্রশাসন কার্যালয়ে হাজির হন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বসে ছিলেন। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তারের জন্য পাঁচলাইশ থানা পুলিশের অনুরোধে কোতোয়ালি থানা পুলিশের একটি দল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসে।বিএনপি নেতারা এ গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুছ তালুকদার বলেন, হয়রানি করার জন্য একের পর এক মামলা দিয়ে তাঁকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে।