চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম শপথ নিতে আগামী শনিবার ঢাকায় যাচ্ছেন। পরদিন রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথবাক্য পাঠ করানোর কথা। ঢাকায় যেতে ইতিমধ্যে মন্জুরের পক্ষে ট্রেনের দুটি বগি ভাড়া করা হয়েছে। জানা গেছে, মন্জুরের সঙ্গে শনিবার বিকেলে ট্রেনে করে ঢাকায় যাচ্ছে ৯২ জনের বিশাল বহর। তাঁর নিকটাত্মীয় ও নির্বাচিত ৫৫ জন পুরুষ-মহিলা ওয়ার্ড কাউন্সিলরসহ সবার জন্য ট্রেনের টিকিট কাটা হয়েছে। তাঁদের সবাই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। জানা গেছে, মেয়রের শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও আশপাশের আসনের ছয়জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে চারজন আওয়ামী লীগের, একজন জাতীয় পার্টির এবং অন্যজন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ। জাতীয় পার্টি ও জাসদের দুজন বিগত জাতীয় নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জয়ী হন।সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়রের ব্যক্তিগত সচিব মোমিনুর রশিদ গতকাল বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠি দিয়ে মেয়র এবং তাঁর সফরসঙ্গীদের জন্য বগি বরাদ্দের আবেদন করেন। মেয়রের জন্য একটি শীতাতপ-নিয়ন্ত্রিত ভিআইপি স্লিপার কক্ষ এবং অন্য ৯১ জনের জন্য শীতাতপ-নিয়ন্ত্রত চেয়ার সিট বরাদ্দের আবেদন করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ট্রেনে আসন বরাদ্দের ব্যবস্থা নিয়েছে।রেল সূত্র জানায়, মেয়র ও তাঁর সফরসঙ্গীরা শনিবার বিকেলে ঢাকাগামী মহানগর গোধূলিতে করে যাত্রা শুরু করবেন। পরদিন (রোববার) রাতে আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে করে তাঁরা চট্টগ্রামে ফিরবেন। সুবর্ণ এক্সপ্রেস বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে ছেড়ে আসে। মেয়র, কাউন্সিলরসহ অন্যদের ট্রেনে আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মোমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, মেয়র ও কাউন্সিলররা যাতায়াত খরচ নিজেরাই দিচ্ছেন। আত্মীয়স্বজনদের খরচ মেয়র দেবেন।সিটি করপোরেশন সূত্র জানায়, আগামী সোমবার সিটি করপোরেশনের মালিকানাধীন মিলনায়তন টিআইসিতে নির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। এতে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় মেয়র মন্জুর উপস্থিত থাকবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর ই ইলাহী বলেন, ‘টিআইসিতে ২২০ জন অতিথি বসতে পারেন। তাই আমাদের আমন্ত্রিত অতিথির সংখ্যাও থাকবে সীমিত। তবে সাবেক তিন মেয়রকে কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা হলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও মাহমুদুল ইসলাম চৌধুরী।’