শপথ নিলেন চট্টগ্রামের মেয়র মন্জুর আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম শপথ নিয়েছেন। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে মন্জুর আলমকে শপথবাক্য পাঠ করান। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শপথ অনুষ্ঠান শেষে কার্যালয়ের বাইরে বেরিয়ে মন্জুর আলম সাংবাদিকদের বলেন, জলাবদ্ধতা নিরসন ও বন্দরনগরের উন্নয়নে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আশা করছি, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন।’দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের নবনির্বাচিত ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নেন। আগারগাঁওয়ে এলজিইডি ভবনে তাঁদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মেয়র মন্জুর আলমও সেখানে উপস্থিত ছিলেন। শপথ পড়ানো শেষে সৈয়দ আশরাফ বলেন, চট্টগ্রামের উন্নয়নে মেয়র ও কাউন্সিলররা একসঙ্গে কাজ করবেন, এটা জাতি প্রত্যাশা করে। তিনি বলেন, নতুন মেয়র ও কাউন্সিলরদের সব ধরনের সহায়তা সরকার দেবে। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মন্জুর আলম আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। জিয়ার কবরে মন্জুরের শ্রদ্ধা: মেয়র মন্জুর আলম গতকাল বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন। বিএনপি-সমর্থিত কাউন্সিলররাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।