শপথ নিলেন জাসদের মঈন উদ্দীন খান বাদল
চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মঈন উদ্দীন খান বাদল শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ পড়ান। এ সময় জাসদের প্রধান এবং তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
এর আগে শপথ নেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ নাজমুল হাসান (পাপন) এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান।
এঁদের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সাংসদ হিসেবে শপথ নেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ‘চিকিত্সাধীন’ এরশাদ সেখান থেকে সংসদ ভবনে এসে শপথ নিয়ে আবার সেখানে ফেরত যান।
৫ জানুয়ারির নির্বাচনের পর গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২৬ জন, জাতীয় পার্টির (জাপা) ৩১, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের চারজনসহ জাতীয় পার্টির (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ জন সাংসদ শপথ নেন। ওই দিন জাপার ৩৩ সদস্যের মধ্যে এরশাদসহ দুজন শপথ নেননি। এরশাদ ও নাসিম ওসমানের শপথের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৩ জনই শপথ নিলেন।
গত বুধবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ আসনের নির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৬ আসনটি ছেড়ে দেন। এর ফলে ২৮৯ জন সাংসদের মধ্যে ২৮৮ জন শপথ নিলেন। এখনো শপথ নেননি আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।